দ্য ব্লাফ’-এ ভয়ংকর জলদস্যু রাণী প্রিয়াঙ্কা

মিষ্টি হাসি আর পরিচিত গ্ল্যামার ইমেজকে পেছনে ফেলে নতুন বছরে একেবারে ভিন্ন রূপে হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া। পর্দায় এবার তিনি যেন ঝড় তুলতে প্রস্তুত। আসন্ন সিনেমা ‘দ্য ব্লাফ’–এ ভয়ংকর জলদস্যু রাণী ব্লাডি মেরি চরিত্রে দেখা যাবে তাঁকে।

রক্তচক্ষু, কঠোর মন আর রহস্যে মোড়া এই চরিত্রে প্রিয়াঙ্কার উপস্থিতি দর্শকদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা হতে চলেছে। বলিউড ও হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেওয়া এই তারকা এবার হাজির হচ্ছেন আরও সাহসী ও আক্রমণাত্মক এক অবতারে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নিষ্ঠুর অতীত বয়ে বেড়ানো নারীকে ঘিরে। ব্লাডি মেরি এক সময় ছিল সমুদ্রের ত্রাস—ভয়ংকর, নির্দয় এবং অপ্রতিরোধ্য। কিন্তু সহিংস সেই জীবন থেকে সরে এসে সে বেছে নেয় নির্জন এক দ্বীপে নির্বাসিত শান্ত জীবন। অতীতের রক্তপাত আর হিংস্রতা ভুলে মা হিসেবে নতুন জীবনের সূচনা করতে চায় সে। তবে ভাগ্য সহজে তাকে ছাড়তে রাজি নয়। পুরোনো শত্রুদের ফিরে আসা, এক সময়ের প্রেমের সঙ্গে মুখোমুখি হওয়া এবং চাপা পড়ে থাকা প্রতিশোধের আগুন আবারও তাকে ঠেলে দেয় সংঘর্ষের পথে। শান্তির খোঁজে থাকা এক নারীর ভেতর কীভাবে আবার জেগে ওঠে ভয়ংকর জলদস্যু—সেই দ্বন্দ্বই ‘দ্য ব্লাফ’-এর মূল শক্তি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরের দুর্গম ও রুক্ষ পটভূমিতে ব্লাডি মেরি চরিত্রে প্রিয়াঙ্কা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছেন কার্ল আরবানের দিকে। হাতে উঁচু করা অস্ত্র, চোখেমুখে তীব্র ক্ষোভ—পুরো দৃশ্যজুড়ে রয়েছে প্রবল আক্রমণাত্মক আবহ। বিপরীতে কার্ল আরবানকে দেখা যায় লম্বা কালো কোট পরা অবস্থায়, তরবারি হাতে আঘাত প্রতিহত করার জন্য প্রস্তুত। দুজনের এই মুখোমুখি অবস্থান সিনেমার বড় সংঘর্ষের ইঙ্গিত দেয়। আরেকটি দৃশ্যে প্রিয়াঙ্কা রক্ত-ময়লায় ভেজা অবস্থায় অস্ত্র শক্ত করে ধরে শত্রুর দিকে এগিয়ে যাচ্ছেন, যা সিনেমার সহিংসতা, মানসিক দৃঢ়তা ও প্রতিশোধের তীব্রতাকে স্পষ্ট করে।

সম্প্রতি প্রাইম ভিডিও ও প্রিয়াঙ্কা চোপড়া তাদের এই বহুল আলোচিত প্রজেক্টের প্রথম লুক প্রকাশ করেছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিনেমার প্রথম ঝলক শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লেখেন, ‘মা, রক্ষাকর্তা, জলদস্যু।’ এই তিনটি শব্দেই যেন ধরা পড়েছে তাঁর চরিত্রের বহুমাত্রিক রূপ। একজন মা হিসেবে সন্তানের নিরাপত্তা, একজন রক্ষাকর্তা হিসেবে নিজের ভূখণ্ড আর মানুষের দায়িত্ব, আবার একই সঙ্গে নিষ্ঠুর জলদস্যু—সব সত্তার সংঘাত ফুটে উঠেছে এই চরিত্রে।

ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ার পরিচালিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন, গ্যারি বিডল ও কার্ল আরবানসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। সব মিলিয়ে ‘দ্য ব্লাফ’ প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারে এক সাহসী ও ব্যতিক্রমী সংযোজন হতে চলেছে। সিনেমাটি আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিওতে মুক্তি পাবে, আর ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা।

বিথী রানী মণ্ডল/