বাংলাদেশে নির্বাচনের পরই বয়কটের সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান: চেতন শর্মা

ভারতের সাবেক প্রধান নির্বাচক এবং ক্রিকেটার চেতন শর্মা দাবি করেছেন যে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তটি মূলত রাজনৈতিক এবং বাংলাদেশের নির্বাচনের পর তারা এই অবস্থান থেকে সরে আসবে।

আগামী ১২ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শেষেই টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তান সরে আসবে বলে দাবি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন শর্মা। তার মতে খুব দ্রুতই পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অবশ্য এখনো ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি।

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে চেতন শর্মা বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের দোষটা কোথায়? কোনো দোষই নেই। এটা পুরোপুরি রাজনীতি। বাংলাদেশে ১২ তারিখ নির্বাচন আছে। এরপরই দেখবেন ইউ টার্ন। তখন বলা হবে, “জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।” পুরো অবস্থানটাই আসলে বাংলাদেশের নির্বাচন ঘিরে। আমি নিজে রাজনীতি করেছি, নির্বাচনেও অংশ নিয়েছি। নির্বাচনের পর হয়তো সেনাপ্রধানও বলবেন, খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া দরকার।’

ভারতের সাবেক এই পেসার আরও বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগপর্যন্ত এমন বক্তব্যের কোনো মূল্য নেই। যে কেউ অবসর ঘোষণা করতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে না জানালে কিছুই বদলায় না। এখানে আসলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্রিকেট আর ক্রিকেটাররা।’

ভারতের হয়ে ২৩ টেস্টে ৬১ উইকেট এবং ৬৫ ওয়ানডেতে ৬৭ উইকেট নিয়েছেন ৬০ বছর বয়সী চেতন শর্মা। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন চেতন। পরে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং পার্টির ক্রীড়া সেলের আহ্বায়ক হিসেবে নিয়োগ পান।

-মামুন