পর্দায় যেমন তেমন, বাস্তবে মোটেও হাবা-গোবা নন চাষী আলম

কোন অফিসে চাকরি করেন হাবু ভাই

পর্দায় চাষী আলম মানেই সহজ-সরল, হাসিখুশি আর খানিকটা হাবা-গোবা এক মানুষ। বিশেষ করে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে তাঁর অভিনয় দর্শককে বারবার হাসিয়েছে। সংলাপ, অভিব্যক্তি আর স্বতঃস্ফূর্ত অভিনয়ে তিনি হয়ে উঠেছেন ঘরে ঘরে পরিচিত মুখ। তবে পর্দার এই হাসির মানুষের বাস্তব জীবনের চিত্রটা যে একেবারেই আলাদা, তা সম্প্রতি নিজেই জানালেন এই অভিনেতা।

একটি গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে চাষী আলম খোলামেলা স্বীকার করেন, ব্যক্তিগত জীবনে তিনি মোটেও শান্ত বা নিরীহ নন। বরং তিনি নিজেকে একজন ভীষণ রাগী মানুষ হিসেবেই দেখেন। অভিনেতা বলেন, পর্দায় যেমনই চরিত্রে দেখা যাক না কেন, বাস্তবে তিনি ‘হাবা-গোবা’ নন। তার ভাষায়, “বাস্তব জীবনে কিন্তু আমি খুব রাগী। এটুকু জানি, আমি হাবা-গোবা না। আমি খুবই রাগী মানুষ।”

এই রাগী স্বভাবের কারণে নানা সময় অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও পড়তে হয় বলে জানান চাষী আলম। কখনো কখনো নিজের আচরণ নিয়েই তিনি বিব্রত হন। তাই এই স্বভাব বদলাতে আন্তরিক চেষ্টা করছেন অভিনেতা। শুধু তাই নয়, নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে ভক্ত ও দর্শকদের কাছেও দোয়া চেয়েছেন তিনি। চাষী আলম বলেন, “আমি আমার দর্শক ও ভক্তদের বলি, আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার মাথাটা ঠান্ডা থাকে এবং রাগটা কমে যায়। কারণ রাগ আসলে আল্লাহ তায়ালাও পছন্দ করেন না।”

কিন্তু প্রশ্ন থেকে যায়—কেন তিনি এত রাগ করেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা খানিকটা হাস্যরসের সঙ্গেই বলেন, “কেন জানি আমার সঙ্গে সবসময় শয়তান ঘোরে!” তার একটাই চাওয়া, যেন আল্লাহ তার রাগ নিয়ন্ত্রণে রাখার শক্তি দেন। সে কারণেই তিনি সবার কাছে দোয়া কামনা করছেন।

উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমেই চাষী আলম আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। ‘হাবু ভাই’ চরিত্রটি তাকে এনে দেয় আলাদা পরিচিতি ও ভালোবাসা। এরপর একের পর এক নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, শুধু কমেডি নয়—ভিন্নধর্মী চরিত্রেও তিনি সমান দক্ষ। পর্দায় হাসির মানুষ হলেও বাস্তবে নিজের দুর্বলতা অকপটে স্বীকার করাই হয়তো তাঁকে আরও মানবিক করে তুলেছে দর্শকের কাছে।

-বিথী রানী মণ্ডল