চিত্রনায়িকা হিসেবে আইরিন দর্শকের কাছে সুপরিচিত। যদিও বর্তমানে নতুন কোনো সিনেমায় কাজ করছেন না, তবুও অভিনয় থেকে দূরে থাকবেন এমনটা নয়। সম্প্রতি তিনি ফরিদুল হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে অভিনয় শুরু করেছেন, যা বৈশাখী টিভিতে সম্প্রচারিত হচ্ছে।
এই ধারাবাহিকে অভিনয় করার কারণ জিজ্ঞাসা করলে আইরিন বলেন,
“‘মহল্লা’ ধারাবাহিকের গল্প একজন প্রতিষ্ঠিত ঢাকাই নায়িকাকে কেন্দ্র করে, যা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। তাই আমি মনে করি, এই চরিত্রে অভিনয় করতে পারব। পুরো ইউনিটের আন্তরিকতা, পরিচালকের স্পষ্ট নির্দেশনা এবং সহশিল্পীদের সহযোগিতায় কাজ শুরু করার পর আমি ভীষণ মুগ্ধ হয়েছি। ইতিমধ্যেই কয়েকটি লটে কাজ সম্পন্ন করেছি এবং পুরো অভিজ্ঞতাটি সত্যিই অসাধারণ।”
আইরিন আরও জানান, “নাটকটি প্রচারের পর দর্শকরা আশ্চর্যজনক সাড়া দিয়েছেন। মহল্লার সাধারণ মানুষ আমার অভিনয় দেখে একক নাটকে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন। এছাড়া ফরিদ ভাই আমাকে নিয়ে আরেকটি সিক্যুয়াল প্রজেক্টের কথা ভাবছেন। একজন শিল্পী হিসেবে ভালোবাসা এবং সম্মান পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া।”
‘মহল্লা’ ধারাবাহিকের রচয়িতা বিদ্যুৎ রায়। আইরিনের সর্বশেষ সিনেমা ‘গন্তব্য’। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে তার নায়িকা হিসেবে অভিষেক ঘটে। তার উল্লেখযোগ্য অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবিনী’।
অবি/










