ইদানীং অনেকেরই জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটছে। অথচ ই-মেইল এখন ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট, আর্থিক তথ্য ও ব্যক্তিগত নথি সংরক্ষিত থাকায় জি-মেইল সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।
গুগলের জি-মেইল অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকায় আগেভাগেই কিছু নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
অন্য কেউ আপনার জি-মেইল ব্যবহার করছে কি না তা বুঝবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে Settings-এ গিয়ে Google অপশনে ক্লিক করুন। এরপর Manage your Google Account নির্বাচন করে Security বিভাগে যান। সেখানে Your devices অপশনে ক্লিক করে Manage all devices নির্বাচন করলে দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগইন রয়েছে।
তালিকায় যদি এমন কোনো ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ দেখতে পান যেখানে আপনি কখনো লগইন করেননি, তাহলে সঙ্গে সঙ্গে ওই ডিভাইসটি নির্বাচন করে Sign out করুন।
যেসব লক্ষণে সতর্ক হবেন
অচেনা জায়গা বা ডিভাইস থেকে লগইনের তথ্য,আপনি লেখেননি এমন ই-মেইল ইনবক্সে থাকা, না পড়া মেইল আগেই পড়া হয়ে যাওয়া, হঠাৎ ট্র্যাশ বা স্প্যাম বক্সে অস্বাভাবিকভাবে মেইল জমা হওয়া, কোথাও রেজিস্ট্রেশন না করেও সেখান থেকে ই-মেইল আসা এ ধরনের লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
জি-মেইল সুরক্ষায় করণীয়
অচেনা ডিভাইস থেকে সঙ্গে সঙ্গে সাইন আউট করুন, নির্দিষ্ট সময় পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন,অপরিচিত বা কম পরিচিত কারও ডিভাইসে নিজের জি-মেইল লগইন করবেন না।
অবশ্যই টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification) চালু রাখুন।
সতর্কতা ও সচেতনতাই জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষার সবচেয়ে কার্যকর উপায়।
– এমইউএম/










