শীত যখন পাহাড়ি জনপদে নীরব দুর্যোগে রূপ নিচ্ছে, তখন সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে লামা পৌর ছাত্রদল। বান্দরবান জেলার লামা উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে লামা পৌরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে দরিদ্র, বিধবা, প্রবীণসহ পাহাড়ি ও বাঙালি—উভয় জনগোষ্ঠীর শতাধিক মানুষ উপকৃত হন।
চলমান শৈত্যপ্রবাহে লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে কাজ হারাচ্ছেন দিনমজুররা, আর পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়ছেন শিশু ও বয়স্করা। এই পরিস্থিতিতে পৌর ছাত্রদলের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
শীতবস্ত্র পেয়ে এক উপকারভোগী বলেন, “শীতবস্ত্র পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এবার শীতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।”
শীতবস্ত্র বিতরণকালে লামা পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
– বান্দরবান প্রতিনিধি










