মালয়েশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২১ বছর বয়সেই তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
স্থানীয় সময় গত শনিবার (৩ জানুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদনে বলা হয়, রাত আনুমানিক আড়াইটার দিকে ডান লেনে মোটরসাইকেল চালাচ্ছিলেন আথিরা। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ। আথিরা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
বিশেষ করে তার বাবার খাবারের দোকানে ভারতীয় জনপ্রিয় ফ্ল্যাটব্রেড ‘রুটি কানাই’ দক্ষতার সঙ্গে উল্টানোর ভিডিওই তাকে আলাদা পরিচিতি এনে দেয়। তার এই কনটেন্ট ফ্যানদের মধ্যে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং আথিরা তরুণ প্রজন্মের কাছে এক প্রিয় মুখ হিসেবে গড়ে ওঠেন।
-বিথী রানী মণ্ডল










