প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের মতো কোনো পাতানো নির্বাচনের সুযোগ থাকবে না। নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সব দল ও প্রার্থী সমান বিচার পাবেন।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে সংক্ষুব্ধ প্রার্থীদের আশ্বস্ত করে সিইসি বলেন, “যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, সেগুলোর নিষ্পত্তি হবে সম্পূর্ণ আইনি ভিত্তিতে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চাই।” তিনি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত দেবে কমিশন।
ইসি সূত্র জানিয়েছে, আজ আপিল আবেদনের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে এসে আপিল জমা দিচ্ছেন। কেউ নিজের মনোনয়ন ফিরে পেতে, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আবেদন করছেন। গত তিন দিনে কমিশনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী-
৯ জানুয়ারি (শুক্রবার): আপিল আবেদন জমা দেওয়ার শেষ দিন (বিকেল ৫টা পর্যন্ত)।
১০ জানুয়ারি (শনিবার): আপিল শুনানি শুরু হবে।
১৮ জানুয়ারি (রোববার): শুনানি ও নিষ্পত্তির শেষ দিন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের এই কড়া বার্তা ও স্বচ্ছ আপিল প্রক্রিয়ার পদক্ষেপে নির্বাচনী মাঠে আস্থার পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-এম. এইচ. মামুন










