উচ্চশিক্ষার জন্য ইউরোপে পড়াশোনার স্বপ্ন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও সহজ হচ্ছে। ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ ২০২৬। ফরাসি সরকারের এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ফ্রান্সে পড়াশোনার সুযোগ পাবেন।
এই বৃত্তি প্রোগ্রামের আবেদনপ্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে।
বৃত্তির মেয়াদ
মাস্টার্স (এম১) পর্যায়ে সর্বোচ্চ ২৪ মাস, মাস্টার্স (এম২) পর্যায়ে সর্বোচ্চ ১২ মাস এবং পিএইচডি পর্যায়ে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
আইফেল স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। যাঁরা পূর্বে এই বৃত্তি পেয়েছেন, তাঁরা পুনরায় আবেদন করতে পারবেন না। আবেদন অবশ্যই ফরাসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করতে হবে। বর্তমানে ফ্রান্সে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
পিএইচডি পর্যায়ে ফ্রান্সের বাইরে অবস্থানরত আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমার ক্ষেত্রে মাস্টার্স পর্যায়ে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৯ বছর এবং পিএইচডি পর্যায়ে সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
বৃত্তির সুবিধা
এই বৃত্তির আওতায় মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা মাসিক ১ হাজার ২০০ ইউরো এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা মাসিক ২ হাজার ১০০ ইউরো ভাতা পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক বিমান ভ্রমণের ব্যয় (সবচেয়ে সাশ্রয়ী শ্রেণিতে), ফ্রান্সে অভ্যন্তরীণ যাতায়াত, আবাসন–সুবিধায় সহায়তা, স্বাস্থ্যবিমা এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
তবে এই বৃত্তিতে টিউশন ফি অন্তর্ভুক্ত নয়। অন্যান্য জীবনযাপন ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আবেদনপ্রক্রিয়া
প্রথম ধাপে আবেদনকারীকে নিজ দেশে অবস্থিত Campus France অফিস অথবা ফরাসি দূতাবাসের কো-অপারেশন ও কালচারাল অফিসের সঙ্গে যোগাযোগ করে আবেদনসংক্রান্ত সময়সীমা ও প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে এবং পছন্দের ফরাসি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে হবে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান আবেদনকারীর পক্ষে আবেদন গ্রহণ ও সমর্থন জানাবে। এরপর প্রতিষ্ঠানটি Campus France–এর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন জমা দেবে। শিক্ষার্থী সরাসরি বা ফ্রান্সের বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ
ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ ২০২৬–এর জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জানুয়ারি ২০২৬।
মালিহা নামলাহ










