বিটিভি চট্টগ্রামে ব্যাপক অনিয়ম সাবেক জিএম রঞ্জুর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রামের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) নূর আনোয়ার হোসেন রঞ্জুর বিরুদ্ধে ওঠা কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিটিভি সদর দপ্তরের জ্যেষ্ঠ প্রকৌশলী হামিদুর রহমানকে প্রধান করে এই কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
কমিটির অন্য দুই সদস্য হলেন-বিটিভি ঢাকা কেন্দ্রের বার্তা বিভাগের নির্বাহী প্রযোজক মনিরুজ্জামান খান ও সদর দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোজাম্মেল হক। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে তদন্ত কমিটি চট্টগ্রাম কেন্দ্রে অবস্থান করে তাদের কার্যক্রম শুরু করেছে, যা আগামীকাল ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। আগামী ১২ জানুয়ারি অভিযুক্ত রঞ্জুকে সশরীরে উপস্থিত থেকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ঘনিষ্ঠ পরিচয়ে নূর আনোয়ার হোসেন রঞ্জুর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন বিটিভির প্রযোজক শেখ মিজানুর রহমান। অভিযোগ রয়েছে, আর্কাইভের পুরনো ফুটেজ ব্যবহার করে নতুন করে ধারণের ভুয়া বিল উত্তোলন, কয়েক মিনিটের অনুষ্ঠানকে ঘণ্টার অনুষ্ঠান দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং এমনকি রান্নার অনুষ্ঠানেও ব্যাপক নয়-ছয় করা হয়েছে।
তদন্ত কমিটি বিশেষ করে ‘ভ্রমণ বাংলাদেশ’, ‘দ্বীপ দর্পণ’ ও ‘রান্না কথন’ অনুষ্ঠানের পর্ব সংখ্যা, ব্যয় এবং প্রচারের তথ্য খতিয়ে দেখছে। এছাড়া ২০২৩ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম কেন্দ্রের বর্ষপূর্তি অনুষ্ঠানের ব্যয়ের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।
রঞ্জুর দায়িত্বকালীন সাবেক কর্মসূচি ব্যবস্থাপক রোমানা শারমিনসহ বেশ কয়েকজন প্রযোজকের অনিয়মে প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগও তদন্তাধীন। কমিটি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্মিত একক ও ধারাবাহিক নাটকের বাজেট এবং বিদেশে পলাতক জনৈক ‘প্রভাবশালী’ প্রযোজকদের বিশেষ অনুষ্ঠানের ব্যয়িত অর্থের হিসাব তলব করেছে। পাশাপাশি গত কয়েক বছরের কম্পিউটার ও ইলেকট্রিক যন্ত্রপাতি কেনা এবং ডিজাইন শাখার টেন্ডার সংক্রান্ত তথ্যাদিও কমিটির নজরদারিতে রয়েছে।
আগামী ১২ জানুয়ারির মধ্যে অভিযুক্ত রঞ্জুসহ সংশ্লিষ্ট সবাইকে তদন্ত কমিটির আহ্বায়কের কার্যালয়ে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
– সাবরিনা রিমি/