যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়গুলোর একটি হলো ব্যয়। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটিতে এমন কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বছরে মাত্র ২ হাজার ৯০০ থেকে ৮ হাজার ৬০০ ডলারের মধ্যে আবাসন ও খাবারের খরচ মেটাতে পারেন।
ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট–এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জরিপে ১ হাজার ২৭টি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে সবচেয়ে সাশ্রয়ী বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। জরিপে ‘খাবার ও আবাসন’ বলতে বোঝানো হয়েছে শেয়ার করা কক্ষ এবং সপ্তাহে ১৯টি খাবার বা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মিল প্ল্যান।
শীর্ষ ১০টি সাশ্রয়ী বিশ্ববিদ্যালয় (খাবার ও আবাসন ব্যয়)
১. সাউদার্ন ইউনিভার্সিটি অ্যান্ড এ অ্যান্ড এম কলেজ (লুইজিয়ানা) – ২,৯২৬ ডলার
২. ইউনিভার্সিদাদ ডেল সেগ্রাডো কোরাজন (পুয়ের্তো রিকো) – ৩,৩০০ ডলার
৩. ক্যালোমেট কলেজ অব সেন্ট জোসেফ (ইন্ডিয়ানা) – ৫,০০০ ডলার
৪. আলাবামা স্টেট ইউনিভার্সিটি – ৬,০৫০ ডলার
৫. নর্থওয়েস্টার্ন ওকলাহামা স্টেট ইউনিভার্সিটি – ৬,১২০ ডলার
৬. ইউনিভার্সিটি অব গুয়াম – ৬,১২৮ ডলার
৭. ওকলাহামা প্যানহ্যান্ডাল স্টেট ইউনিভার্সিটি – ৬,৩৯৮ ডলার
৮. ব্যাপ্টিস্ট ইউনিভার্সিটি অব ফ্লোরিডা – ৬,৫৭০ ডলার
৯. লিবিংস্টোন কলেজ (নর্থ ক্যারোলাইনা) – ৬,৭৯৪ ডলার
১০. সাউদার্ন আরকানসাস ইউনিভার্সিটি – ৭,৫৭৮ ডলার
তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠানই স্থানীয় বা আঞ্চলিক কলেজ ও বিশ্ববিদ্যালয়, যেগুলো মূলত স্নাতক পর্যায়ের শিক্ষায় বেশি গুরুত্ব দেয় এবং সীমিতসংখ্যক স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই নিউইয়র্ক সিটিতে অবস্থিত। এর মধ্যে নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি বছরে প্রায় ২৮ হাজার ২০০ ডলারের আবাসন ও খাবার ব্যয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।
ইউএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি, আবাসন, স্বাস্থ্য বিমা ও অন্যান্য খরচ মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বার্ষিক ব্যয় ১ লাখ ডলারেরও বেশি হতে পারে। গত দুই দশকে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক খরচ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মালিহা নামলাহ










