আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্বে থাকছেন তরুণ অলরাউন্ডার রোহিত পাউডেল। তবে ঘোষিত স্কোয়াডে সবচেয়ে আলোচিত ও বড় নাম নিঃসন্দেহে লেগ স্পিনার সন্দীপ লামিচানে—যিনি দীর্ঘদিন ধরেই নেপাল ক্রিকেটের প্রধান অস্ত্র।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে লামিচানের ধারাবাহিক পারফরম্যান্স চোখে পড়ার মতো। ২০২৫ সালে খেলা ১০ ম্যাচে তিনি নিয়েছেন ২১ উইকেট, গড় মাত্র ১০.২৩। সব মিলিয়ে নেপালের হয়ে ৬৮টি টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ১২৯, গড় ১২.১৪, আর ইকোনমি রেট ছয়ের সামান্য ওপরে—যা তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম কার্যকর স্পিনারে পরিণত করেছে।
একসময় আইনি জটিলতায় পড়লেও আপিল আদালতে খালাস পাওয়ার পর ফের নিয়মিত হয়েছেন জাতীয় দলে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা লামিচানে এবারও নেপালের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন এবং দলের সবচেয়ে বড় ভরসা হয়ে থাকছেন।
২৩ বছর বয়সী অধিনায়ক রোহিত পাউডেল শান্ত স্বভাব ও কৌশলী নেতৃত্বের জন্য পরিচিত। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি।
স্পিন বিভাগে লামিচানেকে সহায়তা করবেন বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী। পাশাপাশি দীপেন্দ্র সিং আইরি ও বাসির আহমাদ অতিরিক্ত স্পিন অপশন হিসেবে থাকছেন। পেস আক্রমণের মূল দায়িত্বে রয়েছেন সোমপাল কামি ও করণ কেসি।
ব্যাটিংয়ে ওপেনিংয়ে আক্রমণাত্মক ভূমিকায় থাকবেন কুশল ভুর্তেল। উইকেটকিপার-ব্যাটার আসিফ শেখ ব্যাটিংয়ে স্থিরতা ও কিপিংয়ে নির্ভরতা যোগ করবেন। মিডল অর্ডারে লোকেশ বাম, সুন্দরীপ জোড়া ও নন্দন যাদব দলের ব্যাটিং গভীরতা বাড়াবেন।
সব মিলিয়ে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্সের আশায় নেপাল শিবির।
নেপাল স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬):
রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি (সহ-অধিনায়ক), সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সুন্দরীপ জোড়া, আরিফ শেখ, বাসির আহমাদ, সোমপাল কামি, করণ কেসি, নন্দন যাদব, গুলশন ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।
– এমইউএম/










