নবীন গ্যালাক্সি ক্লাস্টারে দানবীয় কৃষ্ণগহ্বর: বদলাতে পারে মহাবিশ্বের ধারণা

ছবি: সংগৃহীত

মহাবিশ্বের গঠন ও বিকাশ নিয়ে বিজ্ঞানীদের প্রচলিত ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে একটি ব্যতিক্রমধর্মী গ্যালাক্সি ক্লাস্টার। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বিগ ব্যাংয়ের প্রায় ১৪০ কোটি বছর পরেই ওই গ্যালাক্সি ক্লাস্টারটি প্রত্যাশার তুলনায় অন্তত পাঁচ গুণ বেশি তাপমাত্রায় উত্তপ্ত ছিল। এত দিন ধারণা ছিল, এ ধরনের চরম উত্তাপ কেবল অনেক পরে গড়ে ওঠা পরিণত ও স্থিতিশীল গ্যালাক্সি ক্লাস্টারেই দেখা যায়।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষক দাজি ঝো জানান, মহাবিশ্বের শুরুর দিকে এমন উচ্চ তাপমাত্রার পরিবেশ থাকার কথা তারা কল্পনাও করেননি। তার ভাষায়, শুরুতে পাওয়া তথ্য বিশ্বাসযোগ্য মনে হয়নি, তবে দীর্ঘ যাচাই–বাছাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে যে গ্যাসটি পূর্বাভাসের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি গরম এবং এটি বর্তমান সময়ের বহু পরিণত ক্লাস্টারের তুলনায়ও বেশি শক্তিশালী।

গ্যালাক্সি ক্লাস্টার হলো মহাবিশ্বের সবচেয়ে বৃহৎ কাঠামোগুলোর একটি। এগুলো নিজেদের মহাকর্ষীয় শক্তিতে হাজার হাজার গ্যালাক্সি, ডার্ক ম্যাটার ও অত্যন্ত উত্তপ্ত গ্যাসকে একত্রে ধরে রাখে। গ্যালাক্সির মাঝামাঝি অঞ্চলে থাকা এই গ্যাস প্লাজমা অবস্থায় থাকে, যার তাপমাত্রা কয়েক কোটি ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। আগে মনে করা হতো, ক্লাস্টার ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার সময় মহাকর্ষীয় সংকোচনের ফলেই এই গ্যাস উত্তপ্ত হয়। তবে নেচার সাময়িকীতে প্রকাশিত নতুন এই গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

চিলিতে অবস্থিত শক্তিশালী আলমা টেলিস্কোপ ব্যবহার করে গবেষকেরা প্রায় ১ হাজার ২০০ কোটি বছর আগের একটি গ্যালাক্সি ক্লাস্টার পর্যবেক্ষণ করেন। এসপিটি২৩৪৯–৫৬ নামের এই ক্লাস্টারটি তখনও পুরোপুরি গঠিত না হলেও আকারে ছিল বিশাল। এতে ৩০টিরও বেশি অত্যন্ত সক্রিয় গ্যালাক্সি রয়েছে, যেগুলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় অনেক দ্রুত হারে নতুন নক্ষত্র তৈরি করছিল।

গবেষকদের মতে, ক্লাস্টারটির কেন্দ্রে থাকা তিনটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বিপুল শক্তি নিঃসরণ করে এই অস্বাভাবিক উত্তাপ সৃষ্টি করেছে। এই আবিষ্কার ইঙ্গিত দেয়, মহাবিশ্বের শুরুর সময়কাল বিজ্ঞানীদের পূর্বধারণার চেয়ে অনেক বেশি গতিশীল, ঘটনাবহুল ও শক্তিশালী ছিল।

-আফরিনা সুলতানা