নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বৈশ্বিক আসর।

নিউজিল্যান্ড দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন পেসার জ্যাকব ডাফি। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন এই ডানহাতি পেসার। বর্তমানে তিনি বিশ্বের দ্বিতীয় র‍্যাংকিংধারী টি-টোয়েন্টি বোলার। ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্সে ডাফি ৩৬ ম্যাচে শিকার করেছেন ৮১টি আন্তর্জাতিক উইকেট, যা ভেঙে দিয়েছে কিংবদন্তি স্যার রিচার্ড হার্ডলির প্রায় ৪০ বছরের পুরোনো রেকর্ড।

দলের নেতৃত্বে রয়েছেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এটি তার নবম আইসিসি বৈশ্বিক টুর্নামেন্ট, যা কিউই শিবিরে যোগ করবে বাড়তি অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ।

পেস আক্রমণে স্যান্টনারের ভরসা অভিজ্ঞ লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও অ্যাডাম মিলনে। অলরাউন্ড সামর্থ্য দিয়ে দলের ভারসাম্য রক্ষা করবেন জিমি নিশাম।

স্পিন বিভাগে স্যান্টনারের সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন ইশ সোধি। এছাড়া অলরাউন্ডার হিসেবে স্পিন অপশন দেবেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র।

ব্যাটিং বিভাগে রয়েছেন আক্রমণাত্মক ওপেনার ফিন অ্যালেন, সঙ্গে মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল—যারা দলের ব্যাটিং লাইনআপকে শক্ত ভিত দেবে।

উইকেটকিপার হিসেবে দলে ফিরেছেন টিম সাইফার্ট। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে সেঞ্চুরিসহ দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তার এই প্রত্যাবর্তন। পেস বোলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে কাইল জেমিসনকে।

নিউজিল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি।

– এমইউএম