নতুন বছরকে ঘিরে বিশ্বজুড়ে চলছে শুভেচ্ছা বিনিময় ও যোগাযোগের ব্যস্ততা। পরিবার, বন্ধু ও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এ সময়ে বড় ভূমিকা রাখছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন বছরের আনন্দকে আরও রঙিন করে তুলতে ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। এর মধ্যে রয়েছে নতুন স্টিকার প্যাক, ভিডিও কলে উৎসবধর্মী ইফেক্ট, অ্যানিমেটেড রিঅ্যাকশন এবং স্ট্যাটাসে অ্যানিমেটেড স্টিকার ব্যবহারের সুবিধা।
নতুন বছর উপলক্ষে হোয়াটসঅ্যাপ একটি বিশেষ উৎসবধর্মী স্টিকার প্যাক চালু করেছে। ডিজিটাল কথোপকথনে অনুভূতি প্রকাশে স্টিকার ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই প্যাকে শুভেচ্ছা, উদ্যাপন ও আনন্দের নানা ভিজ্যুয়াল উপাদান রাখা হয়েছে, যা ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে ব্যবহার করা যাবে।
এ ছাড়া ভিডিও কলের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে যুক্ত হয়েছে বিভিন্ন ভিজ্যুয়াল ইফেক্ট। ভিডিও কল চলাকালে ব্যবহারকারীরা ফায়ারওয়ার্ক, কনফেত্তি কিংবা স্টার–থিমের ইফেক্ট ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে এসব ইফেক্টের তীব্রতা নিয়ন্ত্রণ বা বন্ধ রাখার সুযোগও রয়েছে।
চ্যাটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য যুক্ত হয়েছে অ্যানিমেটেড কনফেত্তি রিঅ্যাকশন। কোনো বার্তার ওপর চাপ দিয়ে ধরে রাখলে রিঅ্যাকশন মেনু থেকে এটি নির্বাচন করা যাবে। এতে পর্দায় রঙিন কনফেত্তি ভেসে উঠবে, যা নতুন বছরের শুভেচ্ছা বা আনন্দের খবরকে আরও প্রাণবন্ত করে তুলবে।
এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও ব্যবহার করা যাবে অ্যানিমেটেড স্টিকার। ছবি বা ভিডিও স্ট্যাটাসের সঙ্গে এসব স্টিকার যুক্ত করে সহজেই একসঙ্গে অনেক পরিচিতজনকে নতুন বছরের শুভেচ্ছা জানানো সম্ভব হবে।
সব মিলিয়ে, নতুন বছরের আনন্দ ভাগাভাগি করতে হোয়াটসঅ্যাপের এসব নতুন ফিচার ব্যবহারকারীদের যোগাযোগকে আরও আকর্ষণীয় ও আনন্দময় করে তুলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সাবরিনা রিমি/









