সিংগাইরে জাতীয় পার্টির শিবিরে ভাঙন, বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদল ঘটেছে। স্থানীয় জাতীয় পার্টির (জিএম কাদের) শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তারা মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

এই যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে।

কারা যোগ দিলেন?
যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পীরজাদা মোহাম্মদ আলী, সদস্য মোজাফফর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আক্কাছ আলী এবং উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মুন্নি আক্তারসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

কেন এই দলবদল?
যোগদানকারী নেতারা জানান, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পীরজাদা মোহাম্মদ আলী ও পৌর সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান বলেন, “আমরা এলাকার উন্নয়নের স্বার্থে এবং বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে কর্মী-সমর্থকদের নিয়ে দলটিতে যোগ দিয়েছি। আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

নবাগতদের স্বাগত জানালেন বিএনপি প্রার্থী
নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “যারা আজ বিএনপিতে যোগ দিলেন, তারা দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং এলাকার উন্নয়নের কথা ভেবেই এসেছেন। আমি সবাইকে স্বাগত জানাই।”

তিনি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে সিংগাইর তথা দক্ষিণ মানিকগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।