চলমান বিপিএলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে এবং প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে দলটি। এ নিয়ে আত্মবিশ্বাসী চট্টগ্রামের ব্যাটার মাহমুদুল হাসান জয়।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শনিবারের হারের পর সংবাদ সম্মেলনে জয় বলেন, “আমি আত্মবিশ্বাসী ছিলাম, ব্যাটেও বল ভালোভাবে আসছিল। যদি ইনিংসটা বড় করে ৬০–৭০ করতে পারতাম, তাহলে দলের রান ১৬০–১৭০ পর্যন্ত যেতে পারত। আফসোস তো থাকবেই। আজ জিতলে হয়তো এক নম্বরে থেকে শেষ করতে পারতাম। এখনো একটি ম্যাচ বাকি আছে, সেটি জিততে পারলে এগিয়ে থাকার সুযোগ থাকবে।”
রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। জবাবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ৩ উইকেটে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে। কারণ ১৬ পয়েন্টে পৌঁছানোর সুযোগ এখন আর অন্য কোনো দলের নেই।
নিজেদের ব্যাটিং পরিকল্পনা নিয়ে জয় বলেন, “চেষ্টা ছিল ইনিংসটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার, যতটা সম্ভব খেলা লম্বা করার। শেষ দিকে গিয়ে ম্যাচ ফিনিশ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি।”
লিগ পর্বে শীর্ষ দুইয়ে থেকে শেষ করতে পারলে প্রথম কোয়ালিফায়ারে খেলবে চট্টগ্রাম, যেখানে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকবে। সেই সম্ভাবনার দিকেই তাকিয়ে আছেন জয়।
তিনি বলেন, “শীর্ষ দুইয়ে থাকলে দুইটা সুযোগ পাওয়া যায়। আরেক ম্যাচ আছে, সেটি ভালোভাবে শেষ করতে পারলে সুযোগ থাকবে। রাজশাহীর সঙ্গে সিলেটে আমরা জিতেছি। আজও ভালো ক্রিকেট হয়েছে। আমরা ভালো পারফর্ম করলে প্রতিপক্ষ যে-ই হোক, ভালো খেলা সম্ভব।”
চট্টগ্রামের বিপক্ষে রাজশাহীর জয়ের নায়ক ছিলেন আকবর আলী। ১৫তম ওভারে শেখ মেহেদীর বলে টানা তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ৪৮ রান করা আকবরকে নিয়ে জয় বলেন, “ও ভালো ব্যাট করছিল। ওই ওভারে যদি আরেকটু কনসিডার করা যেত। অফস্পিনারের বিপক্ষে ডানহাতি ব্যাটার দেখে হয়তো টার্গেট করেছিল।”
-এমইউএম










