ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে জনসচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রম জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে বিলবোর্ড স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এবার গণভোট প্রচারণায় বিশেষভাবে যুক্ত করা হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের। ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মাধ্যমে লিফলেট বিতরণ এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা ও উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিফলেটগুলো ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
মালিহা










