জকসু নির্বাচনে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদলের

ছবি- সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্যানেলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী এ কে এম রাকিব।

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনের সময় আমরা দেখেছি, একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন সদস্য ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু প্রথমে কমিশন অস্বীকার করে বলে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

এ কে এম রাকিব আরও বলেন, “পরবর্তীতে আমরা প্রমাণ উপস্থাপন করলে কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। তবে এর আগে আমাদের প্যানেলের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, যা আমাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছে।”

প্রতিবেদন অনুযায়ী, কোন প্যানেল ব্যালট নম্বরের টোকেন নিয়ে প্রবেশ করেছে তা জানতে চাইলে তিনি বলেন, “শহীদ সাজিদ ভবন থেকে আমাদের এজেন্টরা এ তথ্য জানিয়েছেন, তবে আপাতত প্যানেলের নাম জানি না।”

এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫। ভোটগ্রহণ চলছে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি পদের জন্য ১৫৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং হল সংসদের ১৩টি পদে ৩৩ প্রার্থী প্রতিযোগিতা করছে। হলের শিক্ষার্থীরা হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দেবেন।

মালিহা