২০২৬ এ অ্যাপলের চমক, আসছে নতুন ডিভাইস

ছবি: সংগৃহীত

নতুন বছর মানেই প্রযুক্তি দুনিয়ায় নতুন প্রত্যাশা। আর সেই প্রত্যাশার কেন্দ্রে বরাবরের মতোই রয়েছে অ্যাপল। গ্যাজেটপ্রেমীদের জন্য ২০২৬ সালকে বিশেষ করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান— এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।

বিদায়ী বছরে অ্যাপল মূলত পারফরম্যান্স ও ডিজাইন আপগ্রেডে মনোযোগ দিলেও আসন্ন বছরে নতুন ডিভাইস ও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষজ্ঞদের মতে, ২০২২ সালের পর এটি হতে যাচ্ছে অ্যাপলের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেটের বছর।

নতুন স্টুডিও ডিসপ্লে আসছে

অ্যাপল নতুন প্রজন্মের স্টুডিও ডিসপ্লে উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্যভাবে ২৭ ইঞ্চি আকারের এই ডিসপ্লেতে ব্যবহার করা হতে পারে মিনি এলইডি প্রযুক্তি, যার ফলে উজ্জ্বলতা ও কনট্রাস্টে বড় উন্নতি দেখা যাবে। এতে আগের এ১৩ বায়োনিকের পরিবর্তে শক্তিশালী এ১৯ প্রো চিপ যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তন

২০২৬ সালে ম্যাকবুক প্রো নতুন ডিজাইনে হাজির হতে পারে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি আগের চেয়ে পাতলা ও হালকা হবে। প্রথমবারের মতো ম্যাকবুকে ওএলইডি ডিসপ্লে যুক্ত হতে পারে। কিছু প্রতিবেদনে টাচস্ক্রিন ও ফাইভজি সংযোগের কথাও উল্লেখ করা হয়েছে। প্রসেসর হিসেবে থাকতে পারে দুই ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এম৬ চিপ।

ফোল্ডেবল আইফোনের সম্ভাবনা

দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে ফোল্ডেবল আইফোন বাজারে আসতে পারে ২০২৬ সালেই। বইয়ের মতো ভাঁজ করা যাবে এমন এই ডিভাইসটি খুললে প্রায় ৭.৮ ইঞ্চি ডিসপ্লে পাওয়া যেতে পারে। বাইরের স্ক্রিনের আকার হতে পারে ৫.৫ ইঞ্চি। নিরাপত্তা ব্যবস্থায় ফেস আইডির বদলে টাচ আইডি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ডিভাইসটিকে আরও টেকসই করতে টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে।

স্মার্ট হোমে নতুন উদ্যোগ

স্মার্ট হোম খাতে নতুন ডিভাইস আনতে পারে অ্যাপল, যাকে অনেকে ‘হোমপ্যাড’ নামে ডাকছেন। প্রায় ৭ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট এই ডিভাইসটি স্মার্ট হোম নিয়ন্ত্রণের জন্য আলাদা অপারেটিং সিস্টেমে চলবে। এতে উন্নত সিরি ও অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচার যুক্ত থাকার কথা রয়েছে।

সাশ্রয়ী দামের ম্যাকবুক

শিক্ষার্থী ও নতুন ব্যবহারকারীদের জন্য কম দামের ম্যাকবুক আনার পরিকল্পনাও করছে অ্যাপল। ম্যাকবুক এয়ারের নিচের স্তরে অবস্থান করা এই ল্যাপটপে এম সিরিজের বদলে এ১৮ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। ১৩ ইঞ্চি ডিসপ্লে এবং ৭০০ ডলারের কম দামের এই ডিভাইসটি অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী ল্যাপটপগুলোর একটি হতে পারে।

সব মিলিয়ে, ২০২৬ সাল অ্যাপলের জন্য উদ্ভাবন ও পরিবর্তনের বছর হতে যাচ্ছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সাবরিনা রিমি/