সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশের আদালতগুলোতে বিদ্যমান বিশাল মামলাজট নিরসনের প্রধান শর্ত হলো মিথ্যা মামলা দায়ের বন্ধ করা। একইসঙ্গে বিচার বিভাগকে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নং এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রধান বিচারপতির উদ্দেশে ব্যারিস্টার খোকন বলেন, “বিগত ১৬ বছরের গুম, হত্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে করা মিথ্যা মামলাগুলো আপনার আমলে নেওয়া উচিত। বিচার বিভাগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে একটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের যে আশা-আকাঙ্ক্ষা, তার প্রতিফলন ঘটানো এখন সময়ের দাবি।”
তিনি আরও যোগ করেন, বিচার বিভাগের ভেতরে থাকা যেকোনো ধরনের সিন্ডিকেট ও দুর্নীতি চিরতরে বন্ধ করতে হবে। নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকার জন্য তিনি প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার যে নতুন প্রত্যয় তৈরি হয়েছে এবং বিচার বিভাগ সংস্কারের যে ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে, সেই যাত্রায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব সময় প্রধান বিচারপতির পাশে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগে বৈষম্য দূর হবে এবং ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিগণ, দেশের জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের পদস্থ কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং একে একটি আস্থার জায়গায় ফিরিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
-লামিয়া আক্তার










