যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোঃ আমজাদ হোসেনকে তথ্য পাচারের অভিযোগে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (২ জানুয়ারি) এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অভিযুক্ত ডিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি উপ-রেজিস্ট্রার মোঃ তহিদুল ইসলামের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে তথ্য পাচার করেছেন। এ ঘটনায় উপ-রেজিস্ট্রারের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক ড. মোঃ ওমর ফারুক, সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান এবং সদস্য ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ কোরবান আলী।
তদন্ত চলাকালীন সময়ে ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর অন্যের নাম ব্যবহার করে যশোর কেন্দ্রীয় পোস্ট অফিসে তথ্য পাঠানোর সময় ড. আমজাদ হোসেন ধরা পড়েন। এ ঘটনায় ভুক্তভোগী উপ-রেজিস্ট্রার তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় জিডি করেছেন।
মালিহা নামলাহ










