আজ প্রকাশ হচ্ছে ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

ছবি- সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানিয়েছে, রোববার (৪ জানুয়ারি) বিকেলের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, ফলাফল ইতোমধ্যে কমিটির হাতে পৌঁছেছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আজ বিকেলেই তা প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানী ঢাকা এবং দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।

এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেন প্রায় ৩২ জন পরীক্ষার্থী।

আসন বণ্টন অনুযায়ী, ব্যবসায় শিক্ষা ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রাখা হয়েছে।