আসছে ‘ব্রিজারটন’ সিজন ৪: প্রকাশ্যে ট্রেলার ও বিস্তারিত

বিনোদন ডেস্ক: নেটফ্লিক্স তাদের তুমুল জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’-এর চতুর্থ সিজনের পার্ট ১-এর ট্রেলার প্রকাশ করেছে। জুলিয়া কুইনের উপন্যাস ‘অ্যান অফার ফ্রম আ জেন্টলম্যান’ অবলম্বনে তৈরি এই সিজনের কেন্দ্রবিন্দুতে থাকছেন মেজো ভাই বেনেডিক্ট ব্রিজারটন। এতদিন সমাজের প্রথাগত প্রত্যাশা এড়িয়ে চলা বেনেডিক্ট এবার আটকা পড়বেন প্রেমের জালে।
আগের সিজনগুলোতে শিল্পকলা, সাময়িক প্রেম আর ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মেতে থাকা বেনেডিক্ট (লুক থম্পসন) এবার মূল চালকের আসনে। নিজের চরিত্র নিয়ে লুক থম্পসন বলেন, “আগের সিজনগুলোতে বেনেডিক্টকে আমরা মাঝে মাঝে উঁকি দিতে দেখেছি। কিন্তু এবার পুরো আটটি পর্বজুড়ে তাকে কেন্দ্র করে গল্প এগোবে, যা সত্যিই দারুণ এক অভিজ্ঞতা।”
ট্রেলারে দেখা যায়, মা লেডি ভায়োলেট ব্রিজারটনের আয়োজিত এক জমকালো মাস্করেড বল-এ (মুখোশ পরা পার্টি) সোফি বায়েকের (ইয়েরিন হা) সঙ্গে সাক্ষাৎ হয় বেনেডিক্টের। রুপালি পোশাকে মুখোশ আবৃত সোফির সঙ্গে সেই ক্ষণিকের সাক্ষাৎ বেনেডিক্টের মনে গভীর ছাপ ফেলে যায়।
সিরিজের শোরানার জেস ব্রাউনেল এই দৃশ্যটিকে ‘পার্থিব জগতের বাইরের’ বা স্বপ্নের মতো একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “দৃশ্যটি দেখলে মনে হবে আপনি কোনো স্বপ্নের জগতে আছেন। আর এই জাদুকরী মুহূর্তটিই পুরো সিজনের গল্পের সূচনা করে।”