মাদুরো উৎখাতের পর ভেনেজুয়েলা পরিচালনা ও তেল উত্তোলনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করে দেশটির বাইরে সরিয়ে নেওয়ার পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং এর বিশাল তেল সম্পদ ব্যবহার করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার বিপর্যস্ত তেল অবকাঠামো দ্রুত সংস্কার করে অন্যান্য দেশে “বড় পরিমাণে” তেল বিক্রি করা হবে। তিনি বলেন, দেশটিকে স্থিতিশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, রাতে এক অভিযানে ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটিতে অবস্থিত বাসভবন থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের একটি মার্কিন যুদ্ধজাহাজে করে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আনা নার্কো-সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে।

মাদুরো সরকারকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসনের কয়েক মাসের গোপন পরিকল্পনা ও চাপ প্রয়োগ অভিযানের পর এই পদক্ষেপ নেওয়া হয়। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর এটিই কোনো সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আক্রমণাত্মক পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

অভিযানটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কি না—তা নিয়ে আইন বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে প্রশ্ন তুলেছেন।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ এই পদক্ষেপের নিন্দা জানিয়ে মাদুরোর মুক্তি দাবি করেন এবং তাকে দেশের বৈধ নেতা বলে উল্লেখ করেন। এর কিছুক্ষণ পরই ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেয়।

এই ঘটনায় ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও তেলনির্ভর অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বজুড়ে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

এম এম সি/