হরিণ ধরার ফাঁদে আটকে গেল রয়েল বেঙ্গল টাইগার

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারী এলাকার কাছাকাছি সুন্দরবনের শরকির খালসংলগ্ন বনাঞ্চলে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার আটকে পড়েছে। বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য বন বিভাগ বিশেষজ্ঞ দল নিয়ে রোববার সকালে উদ্ধার অভিযান শুরু করবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মধ্যবর্তী শরকির খালপাড়ের ভেতরের বনাঞ্চলে পাতা ফাঁদে বাঘটি আটকে যায়। শনিবার দুপুরের পর খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে ফাঁদে আটক অবস্থায় দেখতে পান।

নিরাপত্তার স্বার্থে বন বিভাগ শরকির খালপাড়ের পুরো এলাকা ঘিরে রেখেছে, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে। তিনি জানান, খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার গভীর রাতে ফাঁকা গুলি ছোড়ার মাধ্যমে শব্দ তৈরি করা হবে, যাতে বাঘটি আশপাশের এলাকা থেকে দূরে সরে যায়।

বাঘ উদ্ধারে ঢাকায় অবস্থানরত বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জনকে আনা হচ্ছে। তিনি রোববার সকালে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। প্রয়োজন হলে ট্যাংকুলাইজার গান ব্যবহার করে বাঘটিকে সাময়িকভাবে অচেতন করা হবে। ট্যাংকুলাইজার প্রয়োগের পর প্রায় আধা ঘণ্টা বাঘটি অচেতন থাকবে, এ সময় ফাঁদ থেকে তাকে মুক্ত করা হবে।

সহকারী বনসংরক্ষক আরও জানান, যদি বাঘটি আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া যায়, তাহলে তাকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা বা ঢাকার বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। এ জন্য বন বিভাগ আগাম সব প্রস্তুতি নিয়েছে।

এদিকে বাঘ ফাঁদে আটকে পড়ার খবরে সন্ধ্যার পর থেকেই স্থানীয় মানুষজন ওই এলাকায় ভিড় করতে শুরু করে। তবে বন বিভাগ বনের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। বন বিভাগের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ট দল ঘটনাস্থলে কাজ করছে।

আফরিনা সুলতানা/