বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আজ রোববার (৪ জানুয়ারি) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছে। বিকেল ৫টায় গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মূলত নির্বাচনের কৌশল নির্ধারণ, সারা দেশে নির্বাচনী প্রচারণার সমন্বয় এবং প্রচার কমিটির খসড়া রূপরেখা নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া আসনভিত্তিক সমন্বয়ক নিয়োগ এবং নির্বাচন কমিশনের সাথে নিয়মিত যোগাযোগের জন্য আলাদা উইং গঠন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন: নজরুল ইসলাম খান (স্থায়ী কমিটির সদস্য), সেলিমা রহমান (স্থায়ী কমিটির সদস্য) ও শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব) ও মো. ইসমাইল জবিউল্লাহ।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, এ বি এম আব্দুস সাত্তার ও আফরোজা আব্বাসসহ দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, সুসংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যেই এই উচ্চপর্যায়ের কমিটি কাজ করবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি এই কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা দিচ্ছেন। মায়ের মৃত্যুশোক কাটিয়ে তারেক রহমান এখন দলকে পুরোপুরি নির্বাচনমুখী করতে চাইছেন, যার প্রতিফলন হিসেবে আজকের এই প্রথম বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

-এম. এইচ. মামুন