ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া

বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

রবিবার ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস ঢাকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১–১২ ফেব্রুয়ারি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)-এর একটি প্রতিনিধি দল কমিশনার পাভেল আন্দ্রেয়েভর নেতৃত্বে ঢাকা সফর করে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়।

রাশিয়ার সিইসি ও ঢাকায় রুশ দূতাবাসের পর্যবেক্ষকেরা ঢাকা ও নারায়ণগঞ্জ-এর আটটি ভোটকেন্দ্রের অধীনে ৪০টিরও বেশি ভোটকক্ষ পরিদর্শন করেন। ভোটগ্রহণ শুরুর সময় থেকে ভোট গণনার প্রস্তুতি পর্যন্ত প্রতিটি ধাপ তারা পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই জানিয়েছেন, ২০২৪ সালে সরকারের পতনের পর এটি ছিল তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন। কেউ কেউ সন্তানদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ব্যালটের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলেও উল্লেখ করা হয়।

রাশিয়ান পর্যবেক্ষকদের মূল্যায়নে, যৌথ ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনায় নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল সুদৃঢ়। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং সামগ্রিক পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক। ভোটগ্রহণ কর্মকর্তা ও দলীয় পোলিং এজেন্টদের উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করেছে বলে তারা মন্তব্য করেন।

নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। নির্বাচন কমিশনের তথ্যমতে, ৯ লাখের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিল। আয়োজকেরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সার্বিক পরিস্থিতিতে প্রভাব ফেলেনি বলে পর্যবেক্ষকদের অভিমত।

এদিকে, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনর সঙ্গে বৈঠকে পাভেল আন্দ্রেয়েভ নির্বাচন মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। তিনি এলা পামফিলোভার পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।

-এমইউএম