বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসন বিভাগের এক কর্মকর্তা।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় যাচাই–বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন দিলে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়, যার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ পূরণ করা সম্ভব হয়।
সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে সংগৃহীত তথ্য অনুযায়ী শূন্য পদের সংখ্যা ছিল ৭২ হাজারের কিছু বেশি। এসব পদের তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়।
যাচাই–বাছাই শেষে ৬৮ হাজার শূন্য পদের তথ্য চূড়ান্ত করা হয়। এসব পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ।
মালিহা নামলাহ










