গ্রামীণফোন চালু করল ওয়াই-ফাই কলিং সেবা

ছবি: সংগৃহীত

গ্রামীণফোন ভিওএলটিই (VoLTE) গ্রাহকদের জন্য ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে, যা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে আরও স্পষ্ট ও উচ্চ মানের ভয়েস কলের সুযোগ দেবে। গ্রাহকরা নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে গ্রামীণফোন ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড ও এমআইমি-ইন্টারনেটের মতো আইএসপি পার্টনারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই কলের মান উন্নত করার লক্ষ্যে ডিজাইনকৃত এই সেবা গ্রাহকদের নিরবচ্ছিন্ন কলিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “প্রতিনিয়ত উদ্ভাবন ও ডিজিটাল সেবা আনার মাধ্যমে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে আমরা সংকল্‌পবদ্ধ। ওয়াই-ফাই কলিং সেবা সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রাহকরা এখন ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে আরও স্পষ্ট এবং উন্নত মানের ভয়েস কল উপভোগ করতে পারবেন।”

বিশ্লেষকের মতে, এই পদক্ষেপ মোবাইল অপারেটর থেকে টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের দিকে গ্রামীণফোনের অগ্রযাত্রাকে আরও দৃঢ় করেছে। গ্রাহকদের অতিরিক্ত কোনো খরচ ছাড়া উন্নত কলিং সুবিধা দেওয়ার উদ্যোগ এই কোম্পানির উদ্ভাবন ও গ্রাহক সেবা প্রদানে প্রতিশ্রুতির প্রমাণ।

সাবরিনা রিমি/