তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী, একান্ত সচিব সাত্তার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করতে দুজন অভিজ্ঞ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত দু’জন হলেন- এবিএম আব্দুস সাত্তার ও সালেহ শিবলী। তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবিএম আব্দুস সাত্তার ও প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালেহ শিবলী।

এ বি এম আব্দুস সাত্তার বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা এবং দলের শীর্ষ নেতৃত্বের সাথে দীর্ঘদিনের কাজের সমন্বয়ে তাকে এই গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে।

অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলীকে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে তারেক রহমানের প্রেস সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে আসছিলেন। উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে একই বিমানে দেশে ফিরেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের ব্যক্তিগত ও সংবাদিকতা পেশায় অভিজ্ঞ দুই ব্যক্তিকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বিএনপি তাদের কেন্দ্রীয় দপ্তরের যোগাযোগ এবং সমন্বয় ব্যবস্থা আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে আগামী নির্বাচনের আগে দলের বার্তা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সালেহ শিবলীর মতো একজন অভিজ্ঞ সাংবাদিক নেতার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

-এম. এইচ. মামুন