
নাসার সৌরশক্তিচালিত মহাকাশযান জুনো জুপিটারের উপগ্রহ ইউরোপা–এর বরফে আবৃত স্তরের পুরুত্ব সম্পর্কে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। জুনো মহাকাশযানের মাইক্রোওয়েভ রেডিওমিটার (MWR) যন্ত্রের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ইউরোপার বরফের খোলস গড়ে প্রায় ১৮ মাইল (২৯ কিলোমিটার) পুরু।
এই পরিমাপটি পাওয়া গেছে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপার খুব কাছ দিয়ে জুনোর উড়াল (ফ্লাইবাই) চলাকালে সংগৃহীত তথ্য থেকে। এটি প্রথমবারের মতো এমন একটি নির্ভরযোগ্য পরিমাপ, যা ইউরোপার বরফস্তর পাতলা না মোটা এই দীর্ঘদিনের বিতর্কে স্পষ্ট ধারণা দিল। এর আগে বিভিন্ন মডেলে বরফের পুরুত্ব কোথাও আধা মাইলেরও কম, আবার কোথাও কয়েক দশ মাইল বলা হয়েছিল।
পৃথিবীর চাঁদের তুলনায় সামান্য ছোট ইউরোপা সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য বাসযোগ্য জ্যোতিষ্কগুলোর একটি। বিজ্ঞানীদের ধারণা, এর পুরু বরফের নিচে লবণাক্ত পানির একটি বিশাল সমুদ্র রয়েছে, যেখানে প্রাণের উপযোগী উপাদান থাকতে পারে। তাই বরফের স্তরের পুরুত্ব ও গঠন বোঝা ইউরোপার অভ্যন্তরীণ কাঠামো এবং সেখানে জীবনের সম্ভাবনা যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই গবেষণার ফলাফল ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Nature Astronomy–তে প্রকাশিত হয়েছে। জুনো প্রকল্পের বিজ্ঞানী স্টিভ লেভিন জানান, ১৮ মাইলের এই হিসাব মূলত বরফের বাইরের ঠান্ডা ও শক্ত স্তরের জন্য প্রযোজ্য। যদি এর নিচে তুলনামূলক উষ্ণ ও চলমান (convective) আরেকটি স্তর থাকে, তবে মোট বরফের পুরুত্ব আরও বেশি হতে পারে। আবার বরফে যদি সামান্য লবণ মিশে থাকে, তাহলে পুরুত্ব প্রায় ৩ মাইল কম হতে পারে।
গবেষণায় আরও জানা গেছে, ইউরোপার পৃষ্ঠের নিচে ছোট ছোট ফাটল, ছিদ্র ও ফাঁপা জায়গা রয়েছে, যেগুলোকে বিজ্ঞানীরা “স্ক্যাটারার” বলছেন। এসব গঠন কয়েক ইঞ্চির বেশি চওড়া নয় এবং কয়েকশ ফুট গভীর পর্যন্ত বিস্তৃত। তবে এগুলো অক্সিজেন বা পুষ্টি উপাদানকে বরফ ভেদ করে নিচের সমুদ্রে পৌঁছাতে বড় কোনো ভূমিকা রাখে না বলে মনে করছেন গবেষকরা।
বিজ্ঞানীদের মতে, ইউরোপার বরফস্তর যত পুরু হবে, পৃষ্ঠ থেকে সমুদ্রে উপাদান পৌঁছানোর পথ তত দীর্ঘ ও জটিল হবে যা এর সম্ভাব্য বাসযোগ্যতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
এই নতুন তথ্য ভবিষ্যৎ মিশনগুলোর জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন গবেষকরা। নাসার ইউরোপা ক্লিপার মিশন ২০৩০ সালে এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার JUICE মিশন ২০৩১ সালে জুপিটার সিস্টেমে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, জুনো মহাকাশযান আগামী ২৫ ফেব্রুয়ারি জুপিটারের চারপাশে তার ৮১তম ফ্লাইবাই সম্পন্ন করবে।
সাবরিনা রিমি/









