চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটে ৮৪৯টি আসনের বিপরীতে লড়ছেন ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোসাইন জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে চবি ক্যাম্পাস ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চবি কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন, ঢাবি কেন্দ্রে ২৩ হাজার ৩ ৬৬ জন এবং রাবি কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে:
-
সময়সূচি: পরীক্ষার্থীদের সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
-
প্রয়োজনীয় নথিপত্র: ডাউনলোডকৃত এক কপি প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে আনতে হবে।
-
নিষিদ্ধ ডিভাইস: মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ব্লুটুথ বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ‘ডি’ ইউনিটে সাধারণ মানের ক্যালকুলেটর (এফএক্স-১০০ বা তার নিচে) ব্যবহার করা যাবে।
যানজট এড়াতে বিকল্প পথের নির্দেশনা
আজ ভাটিয়ারীতে ‘ইন্টারন্যাশনাল ম্যারাথন’ অনুষ্ঠিত হওয়ার কারণে ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহার করতে এবং নির্ধারিত সময়ের যথেষ্ট আগে কেন্দ্রে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এক নজরে ‘ডি’ ইউনিট ও মান বণ্টন
সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত মোট ৯টি বিভাগ এই ইউনিটের অন্তর্ভুক্ত। ১০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মান বণ্টন: বাংলা/ঐচ্ছিক ইংরেজি ৩০, ইংরেজি ৩০, বিশ্লেষণ দক্ষতা ২০ এবং সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতিতে ২০ নম্বর।
নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
পাস নম্বর: ন্যূনতম পাস নম্বর ৪০ (ডি-১ উপ-ইউনিটের জন্য ৩৫)।
উল্লেখ্য, গতকাল শুক্রবার ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। আগামী ৯ ও ১০ জানুয়ারি যথাক্রমে ‘সি’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫, ৭ ও ৮ জানুয়ারি বিভিন্ন উপ-ইউনিটের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ভর্তিচ্ছু ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে।
-লামিয়া আক্তার










