বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন বিজিএমইএর নেতৃবৃন্দ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।

শুক্রবার সকালে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা রাজধানীর জিয়া উদ্যানে যান। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান, কাজী মিজানুর রহমান, রশিদ আহমেদ হোসাইনী ও সাকিফ আহমেদ সালাম। বিজিএমইএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জিয়ারতকালে বিজিএমইএর নেতারা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তাঁরা। শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিছু সময় নীরবতা পালন করে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।

জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এক নেত্রী। দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। রাষ্ট্রীয় শোকের এই সময়ে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

আফরিনা সুলতানা/