তাহেরের সম্পদ পৌনে ২ কোটি টাকা, স্ত্রীর সম্পদ ৫ কোটিরও বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস। তিনি পেশায় একজন চিকিৎসাসেবা ব্যবসায়ী। নির্বাচনী হলফনামা অনুযায়ী, স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৫ লাখ টাকা। তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা।

জামায়াত নেতা তাহেরের করপোরেট ঋণের দায় ৩ কোটি টাকার বেশি। ব্যক্তিগত কোনো ঋণ না থাকলেও সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ার কারণে এই প্রতিষ্ঠানের নামে কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে তিন কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা ঋণের দায়ভার বহন করছেন।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৫টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশির ভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলে হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নামে ১০ শতক কৃষিজমি ও ১৫ শতক অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ও ১৫ কাঠা জমি, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা। এছাড়া স্ত্রীর নামে তিনটি বাড়ি রয়েছে, যার মোট মূল্য ৩ কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি টাকা এবং তার স্ত্রীর ৫ কোটি ৫০ লাখ টাকা। অস্থাবর সম্পদের ক্ষেত্রে তার স্ত্রীর সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা।

ব্যাংক হিসাবে তার স্ত্রীর নামে জমা রয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। পাশাপাশি এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা এবং সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে ৩ হাজার ৪৮৫ টাকা রয়েছে। সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে ৪ লাখ ১ হাজার ৫৯৬ টাকা।

হলফনামা অনুযায়ী, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে নগদ রয়েছে ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা এবং তার স্ত্রীর হাতে নগদ রয়েছে ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা।

তিনি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ায়, মেডিকেল কলেজের নামে কুমিল্লার এক্সিম ব্যাংক থেকে ৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে বলেও হলফনামায় উল্লেখ রয়েছে।

অন্যদিকে, তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে ঋণ রয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ দেখানো হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘এবার মানুষ বিপুল ভোটে জামায়াতে ইসলামীর জোটকে জয়ী করে সংসদে পাঠাবে।’

মামুন/