ব্ল্যাকক্যাট (এএলপিএইচভি) র্যানসমওয়্যারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর অভিযোগ স্বীকার করেছেন দুই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। অভিযুক্তরা হলেন জর্জিয়ার ওয়াটকিনসভিলের বাসিন্দা ৩৩ বছর বয়সী রায়ান ক্লিফোর্ড গোল্ডবার্গ এবং টেক্সাসের রোয়ানোকের বাসিন্দা ২৮ বছর বয়সী কেভিন টাইলার মার্টিন।
মার্কিন বিচার বিভাগ জানায়, গত বছরের নভেম্বরে তাঁদের বিরুদ্ধে বাণিজ্যিক কার্যক্রমে বাধা সৃষ্টি ও অনলাইনে চাঁদাবাজির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। পরে আদালতে তাঁরা দোষ স্বীকার করেন। আগামী ১২ মার্চ ২০২৬ এ মামলায় তাঁদের সাজা ঘোষণা করা হবে। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের মে থেকে নভেম্বরের মধ্যে তাঁরা আরেক সহযোগীর সহায়তায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অননুমোদিতভাবে প্রবেশ করেন। পরে ব্ল্যাকক্যাট র্যানসমওয়্যার ব্যবহার করে তথ্য এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করা হয়। আদায় করা অর্থের একটি অংশ ব্ল্যাকক্যাট চক্রকে দেওয়া হতো।
হামলার শিকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওষুধ, প্রকৌশল, যন্ত্রপাতি ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কাছে তিন লাখ ডলার থেকে এক কোটি ডলার পর্যন্ত অর্থ দাবি করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, অভিযুক্ত দুজনই আগে বিভিন্ন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন।
সাবরিনা রিমি/










