মুস্তাফিজুর রহমানকে আইপিএল কি নিষিদ্ধ করছে ?

ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান তিক্ত সম্পর্কের মধ্যে আইপিএল ২০২৬ এ কি বাংলাদেশের বিখ্যাত পেসার মুস্তাফিজুর রহমান কেকেআরের হয়ে আইপিএল খেলবেন? কলকাতা নাইট রাইডার্স যখন ২০২৬ সালের আইপিএলে বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকায় দলে নেয়, তখন ভারতীয় সোস্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে এই ক্ষোভের কারণ হল গত কয়েক মাস ধরে প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে। ২০২৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে এটি শুরু হয়েছিল।

ভারতীয় ভক্তদের প্রশ্ন হলো বাংলাদেশ সরকার ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে কেন বাংলাদেশীরা খেলাধুলা এবং ক্রিকেটের আড়ালে নিজেদের স্বার্থসিদ্ধি করবে?  দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করেছে। তাই সোস্যাল মিডিয়ায় ভারতীয় ভক্তরা প্রশ্ন তুলছে যে এখন যদি পাকিস্তান নিষিদ্ধ হয়, তাহলে বাংলাদেশিদের কেন রেহাই দেওয়া হবে যখন কারনটি একই রকম?

আসলে মুস্তাফিজুর রহমানই একমাত্র বাংলাদেশি প্লেয়ার যে কি না আইপিএল এর মিনি অকশনে বিক্রি হয়ে যান। তাঁকে ৯.২০ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর অকশনে মুস্তাফিজুরকে কেনার পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বয়ে যায়। ফ্যানদের পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতাও  আইপিএল-এ বাংলাদেশি প্লেয়ারের খেলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দেন। আর এমন পরিস্থিতিতেই নিজেদের সিদ্ধান্ত জানাল ভারতের ক্রিকেট বোর্ড।

বিসিসিআই কি বলছে?

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “সরকারের পারমিশন ছাড়া কোনও বাংলাদেশি খেলোয়াড়কে ব্যান করা যাবে না।” আর বোর্ডের এই বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার যে মুস্তাফিজুরের খেলার ক্ষেত্রে কোনও বাধাই নেই। প্রসঙ্গত, গত বছর বাংলাদেশে সফর করার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেই সফর বাতিল করে দেওয়া হয় ভারতীয় সরকারের কথা মতো। কারণ, গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ ভিন্ন হয়ে ওঠে। আর সেই কারনেই বাতিল করা হয় সেই সফর।

এমন পরিস্থিতিতে বর্তমান অবস্থা নিয়েও মুখ খুলেছে বিসিসিআই। এই বিষয়ে ইনসাইড স্পোর্টসকে বোর্ডের এক পরিচালক জানান, ”বর্তমান পরিস্থিতি খুবই স্পর্শকাতর। আমরা সরকারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। এমন কোনও নির্দেশ আসেনি যার মাধ্যমে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়া যায়। মুস্তাফিজুর আইপিএল এ খেলবে। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়।” তাই এখন বাংলাদেশের  ভক্তরা পর্যবেক্ষন করছেন যে পরিস্থিতি ঠিক কোন দিকে যায় ?

এমআর