অ্যামেলিয়া কার -কে সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সোফি ডিভাইন–এর স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ডিভাইন, পাশাপাশি টি-টোয়েন্টি অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন।
২০১৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত অ্যামেলিয়া কার ৮৪ ওয়ানডে ও ৮৮ টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে তার রান ২,৩০৪, গড় ৪১.১৪ এবং উইকেট ১০৬টি। টি-টোয়েন্টিতে ১,৪৫৩ রান করেছেন ১০৯.৭৪ স্ট্রাইক রেটে, সঙ্গে ৯৫ উইকেট নিয়েছেন মাত্র ৬.০৯ ইকোনমি রেটে। তিনি ইতিমধ্যেই দেশের তৃতীয় সর্বকালের শীর্ষ উইকেট শিকারী এবং চতুর্থ সর্বকালের শীর্ষ রান সংগ্রাহক।
চলতি মাসের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে নতুন দায়িত্ব শুরু হবে তার। এর আগে ভারপ্রাপ্ত দায়িত্বে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন অ্যামেলিয়া।
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, “ছোটবেলা থেকে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি। দেশের অধিনায়কত্বের সুযোগ পাওয়া একটি বিশাল দায়িত্ব। এটি আমাকে বদলে দেবে না, আমি যেমন আছি, তেমনই থাকব। দলকে নেতৃত্ব দিতে এবং দেশের জন্য সাফল্য আনতে সর্বোচ্চ চেষ্টা করব।”
ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্ব উল্লেখযোগ্য। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমে সুপার স্ম্যাশ টুর্নামেন্টে ওয়েলিংটন ব্লেজ কে চ্যাম্পিয়ন করেছেন তিনি।
-এমইউএম










