আদেশ ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল

ইংল্যান্ড ও প্রিমিয়ার লিগের সাবেক ফুটবলার অ্যান্ডি ক্যারলকে নন-মোলেস্টেশন আদেশ ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। যদিও ঘটনাটি ঘটে চলতি বছরের এপ্রিল মাসে, তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। অভিযোগের সূত্রপাত মার্চ মাসের একটি ঘটনার মাধ্যমে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স থেকে যুক্তরাজ্যে ফেরার পর লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে নামার অল্প সময়ের মধ্যেই ক্যারলকে আটক করা হয়। পাসপোর্ট নিয়ন্ত্রণকালে তার বিরুদ্ধে থাকা অভিযোগ নজরে এলে বর্ডার ফোর্স পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং কিছু সময়ের জন্য হেফাজতে নেয়।

ঘটনার সময় বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে। এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নন-মোলেস্টেশন আদেশ ভঙ্গের অভিযোগে এপিং এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সী অ্যান্ডি ক্যারলকে ২৭ এপ্রিল গ্রেপ্তার করা হয়। অভিযোগটি মার্চ মাসে সংঘটিত একটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

পুলিশ আরও জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর ক্যারলকে চেলমসফোর্ড ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ডের ঝুঁকি রয়েছে।

ফুটবল ক্যারিয়ারে অ্যান্ডি ক্যারল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড ও লিভারপুলের জার্সিতে মাঠে নামা এই স্ট্রাইকার বর্তমানে নন-লিগ ক্লাব ড্যাগেনহ্যাম অ্যান্ড রেডব্রিজের হয়ে খেলছেন। ফ্রান্সের ক্লাব আমিয়েঁ ও বোর্দোতে খেলার পর গত গ্রীষ্মে তিনি ইংল্যান্ডে ফিরে এই দলে যোগ দেন।

ব্যক্তিগত জীবনে গত বছর স্ত্রী ও টাওই তারকা বিলি মাকলোর সঙ্গে ক্যারলের বিচ্ছেদ ঘটে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। বিচ্ছেদের কয়েক সপ্তাহ পরই মেকআপ শিল্পী লু টিসডেলের সঙ্গে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি।

এমইউএম/