রাজশাহীর পুঠিয়ায় কলার হাটে বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত অন্তত ১৫

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকার একটি কলার হাটে দ্রুতগতির বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে ঝলমলিয়া কলার হাটে বেচাকেনা চলছিল। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভিড়ে মুখর হাটের ভেতর হঠাৎ একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক ঢুকে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি এতটাই দ্রুতগতিতে ছিল যে হাটের মানুষের পক্ষে সরে যাওয়ার সময় ছিল না।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলেই ৪ জন মারা গেছেন। এর মধ্যে একজনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন এবং বাকি তিনজনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। একজনের শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যেই পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিস উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নিয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ জানিয়েছে, বালুবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

-এম এইচ মামুন