২০২৫ সালে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক মিশ্র গল্প রচিত হলো—উচ্ছ্বাসের হাসি, হতাশার দীর্ঘশ্বাস, আর ইতিহাস ছোঁয়ার কিছু মুহূর্ত। ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, আর্চারি, ব্যাডমিন্টন, দাবা—সবখানেই পাওয়া গেছে স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ এবং স্মরণীয় পারফরম্যান্স।
হামজার অপেক্ষার অবসান
৫ মার্চ, ২০২৫—বাংলাদেশ ফুটবলের ক্যালেন্ডারে দিনটি বিশেষ। ইংলিশ লিগের তারকা লেস্টার সিটির ডিফেন্ডার হামজা চৌধুরী সেদিন প্রথমবার লাল-সবুজের জার্সি গায়ে নামেন। শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে—কূলে এসে তরী ডোবার মতোই এক অনুভূতি।
অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। পরের প্রীতি ম্যাচেই নেপালের বিপক্ষে দুর্দান্ত হেডে গোল করে নিজের খাতা খুলেন হামজা। অল্প সময়েই তিনি হয়ে ওঠেন দলের নির্ভরতার নাম। এখন পর্যন্ত সাত ম্যাচে তাঁর গোল চারটি। তবে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে, যেখানে হামজার উপস্থিতিই গড়ে দেয় দলের দৃঢ় রক্ষণভিত্তি।
হামজার সঙ্গে জাতীয় দলে নতুন করে যুক্ত হন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান হাকিম ও কিউবা মিচেল। তাঁদের আগমনে দলে আসে গভীরতা ও নতুন সম্ভাবনার ইঙ্গিত।
বাংলাদেশ ফুটবল ইতিহাসে এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্মৃতি ছিল একটিই—১৯৮০ সালে কুয়েতে। দীর্ঘ ৪৫ বছরের অপেক্ষার গেরো খুলেছে ২০২৫ সালে। এই বছরে বাংলাদেশ খেলেছে মোট ১০টি ম্যাচ—সাতটি হোম, তিনটি অ্যাওয়ে। জয় ও পরাজয় তিনটি করে, বাকি চারটি ম্যাচ ড্র।
শততম টেস্টে মুশফিকের মাইলফলক
নভেম্বরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলে দেশের ইতিহাসে এক নতুন কীর্তি স্থাপন করেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১০৬ রান, দ্বিতীয় ইনিংসে ৫৩ রান অপরাজিত। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক বিদায়
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মাহমুদউল্লাহ। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে তার কেরিয়ার শেষ—৫০ টেস্টে ২,৯১৪ রান, ২৩৯ ওয়ানডেতে ৫,৬৮৯ রান, ১৪১ টি-টোয়েন্টিতে ২,৪৪৪ রান। তিন ফরম্যাটে বল হাতে ১৬৬ উইকেটও তার ঝুলিতে।
সাকিব আল হাসানের অবসরের নতুন সিদ্ধান্ত
২০২৪ সালের অক্টোবরের পর থমকে থাকা সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বছরের শেষদিকে নতুন তথ্য প্রকাশ করেন তিনি। স্পষ্ট জানান, কোনো ফরম্যাট থেকে অবসর নেননি; দেশে ফিরে একটি করে সিরিজ খেলেই তিনি বিদায় নিতে চান।
মাঠে স্বাস্থ্য ঝুঁকি ও তীব্র ঘটনা
২০২৫ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ শুরুর আগে তামিম ইকবাল মাঠে হার্ট অ্যাটাক করেন। গুরুতর অবস্থায় চিকিৎসকদের তৎপরতায় জীবন বাঁচে। জাতীয় ক্রিকেট লিগে বরিশালের ফিজিও হাসান আহমেদ ও বিপিএলের ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকিরও মাঠে হার্ট অ্যাটাকে পড়েন; অক্টোবর-ডিসেম্বরে হাসান ও জাকি মৃত্যুবরণ করেন।
ক্রিকেটে মিশ্র পারফরম্যান্স
ওয়ানডেতে বাংলাদেশ বছরের শুরুতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান সফরে কোনো জয় আসেনি। পুরো বছরে ১১টি ওয়ানডে ম্যাচের মধ্যে তিনটিতে জয়, সাতটিতে হার, একটি পরিত্যক্ত।
টেস্টে ফলাফল তুলনামূলক ভালো। ছয় টেস্টে তিন জয়, দুই হার, একটি ড্র। বছর শুরু হয় জিম্বাবুয়ে হার দিয়ে, পরের টেস্টে জয়—সিরিজ সমতা। শ্রীলঙ্কা সফরে এক টেস্ট ড্র, আরেকটি হারের পর বছর শেষ হয় আয়ারল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয়ে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলে ৩০টি ম্যাচ, যা আগে কখনও হয়নি। ১৫ জয়, ১৪ হার, একটি পরিত্যক্ত—জয়ের হার ৫১.৭২ শতাংশ। ব্যাটারদের মধ্যে ২৩টি ফিফটি, তার মধ্যে সর্বোচ্চ ৮১৪ রান ও ৪১টি ছক্কা করেছেন তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক অঙ্গনে ছক্কায় তার ওপরে ছিলেন শুধু ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের সাহিজদা ফারহান।
বোলিংয়ে মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসানকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি (১৫৮ উইকেট)। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে রিশাদ হোসেনও উইকেটের ফিফটি পূরণ করেন।
অধিনায়কত্বে নাটকীয়তা
২০২৪ ফেব্রুয়ারি থেকে তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৫ সালের শুরুতে তিনি জানান, টি-টোয়েন্টিতে আর অধিনায়ক হবেন না। এরপর লিটন কুমার দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর ওয়ানডেতে অধিনায়কত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। শ্রীলঙ্কা সফরের দুই টেস্ট শেষে শান্ত টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন, তবে চার মাস পর আবার দায়িত্ব পান।
ফলে তিন ফরম্যাটের অধিনায়ক এখন তিন জন—টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ, টি-টোয়েন্টিতে লিটন। সহ-অধিনায়কও তিন ফরম্যাটে আলাদা—টেস্টে মিরাজ, ওয়ানডেতে শান্ত, টি-টোয়েন্টিতে সাইফ হাসান।
বিসিবি নির্বাচন ও নতুন বোর্ড
ক্রিকেট মাঠের বাইরেও ২০২৫ ছিল অস্থিরতায় ভরা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান বোর্ড পরিচালকরা। পদ হারানোর পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
অক্টোবরে নির্বাচনের মাধ্যমে তিনি পূর্ণ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বুলবুল ছাড়াও জয়লাভ করেন আরও তিন সাবেক ক্রিকেটার—ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজ্জাক। নতুন বোর্ডে প্রথম বড় ধাক্কা আসে ঘরোয়া ক্রিকেটে; প্রথম বিভাগে অংশ নিতে অস্বীকার করে আটটি ক্লাব, ঢাকার ক্লাব ক্রিকেটে অস্বীকৃতি জানায় ৪০টি ক্লাব—যা কাঠামোর ভিতরে অসন্তোষের ইঙ্গিত দেয়।
বিপিএল ২০২৫: নতুন আশা ও চ্যালেঞ্জ
২০২৫ সালের বিপিএল দুর্নাম কুড়িয়েছে—ম্যাচ ও স্পট ফিক্সিং, ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক অপ্রতুলতা ও অব্যবস্থাপনা সমস্যা। তবে ১২তম আসরের জন্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। বাধ্যতামূলক ফ্র্যাঞ্চাইজি ফি ও গ্যারান্টি অর্থ নেওয়া, নিলাম পদ্ধতি পুনরায় চালু, টিপিটি গ্লোবালের সঙ্গে ব্রডকাস্ট চুক্তি, আইসিসি ও সিআইডির সহায়তায় জিরো টলারেন্স নীতি—সব মিলিয়ে নতুন আশার বার্তা।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিলামেই সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হন মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি সরে যাওয়ার পর বিসিবি দ্রুত দায়িত্ব গ্রহণ করে টুর্নামেন্টের সময়সূচি রক্ষা করে।
সাবিনাদের বিদ্রোহ
বছরের শুরুতে দেশের ক্রীড়াঙ্গনে আলোড়ন ফেলেছিল নারী ফুটবলারদের ‘কোচ হটাও’ আন্দোলন। সাবিনা খাতুন, সানজিদা আখতার, শামসুন্নাহার, ঋতুপর্ণা, মাসুরা, মনিকা প্রমুখ মোট ১৮ জন খেলোয়াড় সাংবাদিকদের কাছে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে বিবৃতি দেন। দলের অস্থিরতা কাটিয়ে আফঈদা খন্দকারের নেতৃত্বে এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ নারী দলও এশিয়ান কাপে জায়গা করে নেয়—সংকটের মধ্যেও গড়ে ওঠে সাফল্যের গল্প।
ফিফার নিষেধাজ্ঞা ও বিএফএল
ক্লাব ফুটবলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে—ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করে ফিফা। গত মৌসুমে উজবেক ফুটবলারের বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বছরের শেষে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) থেকে ‘বাংলাদেশ ফুটবল লিগ’ (বিএফএল) নামে নাম পরিবর্তন করা হয়।
জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার্স ট্রফি
টুর্নামেন্টের আগে তড়িঘড়ি প্রস্তুতি। তিন-চার মাসের জন্য কোচ নিয়োগ, অল্প সময়ের প্রশিক্ষণ ক্যাম্প। দেশের হকিতে এ যেন বহু দিনের চেনা ছবি। সীমাবদ্ধতার এই বৃত্ত ভেঙে বড় স্বপ্ন দেখার সুযোগ খুব কমই আসে। তবু সেই বাস্তবতার ভেতর দাঁড়িয়েই জুনিয়র হকি বিশ্বকাপে নিজেদের গল্পটা লিখে ফেলেছে বাংলাদেশ।
২৪ দলের বিশ্বকাপে ১৭তম হয়ে চ্যালেঞ্জার্স ট্রফি জেতা কেবল পরিসংখ্যান নয়, এটি এক ধরনের প্রতিরোধের ভাষ্য। যেখানে প্রত্যাশা কম, প্রস্তুতি স্বল্প, সেখান থেকেই উঠে এলো বিজয়ের গল্প। ফাইনালে ইউরোপের শক্তিশালী অস্ট্রিয়াকে ৫৩ ব্যবধানে হারিয়ে লাল-সবুজের তরুণরা জানিয়ে দিল, সাহস থাকলে পথ তৈরি হয়।
এই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন আমিরুল ইসলাম। টুর্নামেন্টজুড়ে যেন অপ্রতিরোধ্য এক নাম। গোলের পর গোল, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেওয়া ধারাবাহিক আঘাত। সর্বোচ্চ ১৮ গোলের সঙ্গে চারটি হ্যাটট্রিক। সংখ্যাগুলো নিজেরাই কাব্য হয়ে ওঠে। তার পাশে রাকিবুল হাসানসহ আরো কয়েকজন প্রথমবার বিশ্বমঞ্চে পা রেখেই আলো ছড়িয়েছেন, দেখিয়েছেন ভবিষ্যতের সম্ভাবনা।
তবু এই উজ্জ্বলতার পরেও প্রশ্ন থেকে যায় এরপর কী? ট্রফি হাতে নিয়ে ফেরা এই তরুণদের সামনে পথটা কি আরো মসৃণ হবে, নাকি আবারও তারা হারিয়ে যাবে অবহেলা আর অনিশ্চয়তার ভিড়ে? উত্তর জানা নেই কারো।
তার পরও বছরের শেষ প্রানে্ত দঁাড়িয়ে জুনিয়র হকির এই সাফল্য এক টুকরা আশা হয়ে থাকে। মনে করিয়ে দেয়, অল্প প্রস্তুতিতেও ইতিহাস লেখা যায়, যদি প্রতিভা আর দৃঢ়তা একসঙ্গে হঁাটে।
কাবাডি বিশ্বকাপে মেয়েদের ব্রোঞ্জ
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে সে জয়ের পরই ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায়∏মেয়েদের বুনো উদযাপন। সুযোগ ছিল ফাইনাল নিশ্চিত করার। তবে সেমিফাইনালে চায়নিজ তাইপের গতি ও কেৌশলের কাছে ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় স্বাগতিক দলকে। সন্তুষ্ট থাকতে হয় ব্রোঞ্জ পদক নিয়ে।
ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ
নভেম্বরে ঢাকা হয়েছিল এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৩০টি দেশের আর্চাররা। টুর্নামেন্টে ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে পদক তালিকায় শীর্ষে ছিল ভারত। ছয়টি স্বর্ণ, তিনটি রেৌপ্য ও একটি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতেছে দেশটি। দুটি স্বর্ণ, চারটি রেৌপ্য ও চারটি ব্রোঞ্জ জেতে দক্ষিণ কোরিয়া। আয়োজক বাংলাদেশ একটি করে রেৌপ্য ও ব্রোঞ্জ জিতেছিল।
খই খই মারমার চমক
সৌদি আরবের রিয়াদে হৈচৈ ফেলে দিলেন রাঙামাটির রাজস্থলীর পাহাড়ি গ্রামের খই খই সাই মারমা। ১৮ বছর বয়সী খই খইয়ের হাতেই বাংলাদেশ টেবিল টেনিসের ইতিহাসে রচিত হয়ে গেল এক নতুন অধ্যায়। ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বঁেধে মিশ্র দ্বৈতে রুপা জিতেছেন খই খই। এই অর্জন বাংলাদেশের টেবিল টেনিস তথা ক্রীড়াঙ্গনেই অনেকটা অপ্রত্যাশিত।
দক্ষিণ এশিয়ার বাইরে কোনো প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম টেবিল টেনিস পদক। গত ইসলামিক সলিডারিটি গেমসে নারী এককে সাদিয়া রহমান মেৌ খেলেছিলেন কোয়ার্টার ফাইনালে।
জাতীয় দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন
জাতীয় মহিলা দাবার মুকুট এবারও নোশিন আনজুমের। টানা তৃতীয়বারের মতো তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। একাদশ ও শেষ রাউন্ডে ওয়ারসিয়া খুশবুর সঙ্গে মাত্র ছয় চালে ড্র করে শিরোপা নিশ্চিত করেন নোশিন। দেশের মহিলা দাবায় দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন তিনি। ১৯৭৯ সালে জাতীয় মহিলা দাবা শুরু হওয়ার পর রানী হামিদ প্রথম ছয়বার টানা চ্যাম্পিয়ন হয়েছেন; পরে ২০০৬-২০০৮ সালেও তিনবার টানা জিতেছিলেন।
২০২৫ শুধু একটি বছর নয়; এটি ছিল সংগ্রাম, বিদ্রোহ, বিদায় ও বিজয়ের মিলিত কাব্য। স্মৃতির পাতায় অম্ল-মধুর স্বাদ রেখে বছরটি বিদায় নিল, আর সামনে রেখে গেল নতুন স্বপ্ন ও ইতিহাসের অপেক্ষা।
নারী ক্রিকেটে তোলপাড়
সাবেক নারী দলের অধিনায়ক ও পেসার জাহানারা আলম যৌন হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। এর পরে আরও কয়েকজন নারী ক্রিকেটারও অভিযোগ করেন। বিসিবি তদন্ত চালাচ্ছে; চূড়ান্ত প্রতিবেদন সম্ভব নতুন বছরের শুরুতে।
চ্যাম্পিয়ন্স লিগ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (PSG) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। ফাইনালে তারা ইন্টার মিলানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে।
চেলসির বিশ্বজয়
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন ও বর্ধিত (৩২ দল) ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। ফাইনালে তারা পিএসজি-কে হারিয়ে এই গৌরব অর্জন করে।
দীর্ঘ শিরোপা খরার অবসান
ইংলিশ ক্লাব টটেনহাম ১৭ বছর পর (ইউরোপা লিগ) এবং নিউক্যাসল ইউনাইটেড দীর্ঘ ৭০ বছর পর (লিগ কাপ) কোনো বড় শিরোপা জেতার স্বাদ পেয়েছে। এছাড়া ক্রিস্টাল প্যালেস ১১৯ বছর পর তাদের প্রথম মেজর শিরোপা জিতেছে।
ক্রিকেটে ভারতের রাজত্ব
চ্যাম্পিয়ন্স ট্রফি : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে নিজেদের তৃতীয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ঘরে তুলেছে ভারত।
নারী ওয়ানডে বিশ্বকাপ : ঘরের মাঠে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী দল।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ : এই টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
লান্দো নরিসের উত্থান
নতুন বিশ্ব চ্যাম্পিয়ন : দীর্ঘ চার বছর পর ম্যাক্স ভার্সটাপেনের রাজত্ব ভেঙে প্রথমবারের মতো এফ-ওয়ান ড্রাইভারস চ্যাম্পিয়নশিপ জিতেছেন ম্যাকলারেনের লান্দো নরিস। আবুধাবিতে বছরের শেষ রেসে নাটকীয় লড়াইয়ের পর তিনি এই শিরোপা নিশ্চিত করেন।
টেনিস: আলকারাজ ও সিনারের দাপট
২০২৫ সালে পুরুষ টেনিসের চারটি গ্র্যান্ড স্ল্যামই ভাগ করে নিয়েছেন দুই তরুণ তুর্কি কার্লোস আলকারাজ ও জ্যানিক সিনার।
অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন : শিরোপা জিতেছেন ইতালির জ্যানিক সিনার।
ফ্রেঞ্চ ওপেন : চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের কার্লোস আলকারাজ।
অ্যাথলেটিক্স ও অন্যান্য
ডুপ্লান্টিসের বিশ্বরেকর্ড : পোল ভল্ট কিংবদন্তি আরমান্ড ডুপ্লান্টিস টোকিও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬.৩০ মিটার উচ্চতা পেরিয়ে নিজের ১৪তম বিশ্বরেকর্ড গড়েছেন।
বাস্কেটবল : এনবিএ (NBA) ফাইনালে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডালাস ম্যাভেরিকস।
– আবদুল মোমিন










