নেপালের পোখরায় শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা ১২-০ গোলের বিশাল ব্যবধানে ভুটানকে পরাজিত করেছে।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে মুনকি আক্তার সর্বোচ্চ চারটি গোল করেন। আলপি আক্তার ও তৃষ্ণা রাণী হ্যাটট্রিক করেন। এছাড়া মামনি চাকমা ও অধিনায়ক অর্পিতা বিশ্বাস একটি করে গোল করেন।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। তবে গোলের খাতা খুলতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ২৮ মিনিটে মামনি চাকমার গোলে লিড নেয় কোচ বাটলারের শিষ্যরা। প্রথমার্ধের শেষ চার মিনিটে টানা তিন গোল করে বাংলাদেশ। ৪৩ মিনিটে তৃষ্ণা রাণী, ৪৪ মিনিট ও ইনজুরি সময়ে মুনকি আক্তার জোড়া গোল করেন। প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।
বিরতির পর আরও আক্রমণাত্মক রূপ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরও আটটি গোল করে তারা। ৫৪ ও ৬০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রাণী। ৭৩ মিনিটে গোলের খাতা খুলেন আলপি আক্তার। পরে ৮৬ মিনিটে দ্বিতীয় গোল এবং খেলার শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি।
প্রথমার্ধে দুই গোল করা মুনকি আক্তার ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ইনজুরি সময়ে অধিনায়ক অর্পিতা বিশ্বাস একটি গোল যোগ করেন।
নেপালের পোখরায় চলমান এই টুর্নামেন্টে মাঠের মান খুব একটা উন্নত নয়। অধিকাংশ জায়গায় ঘাস না থাকায় ফুটবলারদের স্বাভাবিক পারফরম্যান্স দেখাতে বাড়তি পরিশ্রম করতে হয়েছে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। চার দলের এই টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।
-এমইউএম










