খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকান বন্ধ রাখার আহ্বান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশের দোকানপাট বন্ধ রাখার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। আমরা তার মৃত্যুতে বাকরুদ্ধ ও শোকস্তব্ধ।”

বিজ্ঞপ্তিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। সমিতি আরও জানিয়েছে, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতা, দেশমাতৃকার সাহসী কণ্ঠ ও গণতন্ত্রের জননী। তার প্রয়াণে যে শোক আমরা অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

সমিতির পক্ষ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত, দেশনেত্রীর জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত, সারাদেশে দোকানপাট বন্ধ রেখে শ্রদ্ধা জানাতে দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

আফরিনা সুলতানা/