জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলোচনা সভা অনুষ্ঠিত

আজ (১৯/১/১৬) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উদ্যোগে ডিজিটাল মার্কেট প্লেস দারাজ ও ফুডপান্ডা এর সাথে কনজ্যুমার স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে কনজ্যুমারদের প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। সভায় অধিদপ্তরের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ফুডপান্ডা ও দারাজের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। ভোক্তা-ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন এবং ই-কমার্স নির্দেশিকার কিছু বাধ্যবাধকতা প্লাটফর্মসমূহ যথাযথভাবে অনুসরণ করছেনা, বিধায় ভোক্তাগণ সংক্ষুব্ধ হচ্ছেন এবং অধিদপ্তরে অভিযোগ দাখিল করছেন। সভায় দারাজ এবং ফুডপান্ডার অনলাইন বিজনেস পলিসি এবং প্রচলিত আইন ও নির্দেশিকা পর্যালোচনা করা হয় এবং আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করার উপর গুরুত্বারূপ করা হয়। সভায় পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাসহ অন্যান্য উপপরিচালকবৃন্দ সহকারী পরিচালকবৃন্দ, দারাজ ও ফুডপান্ডার প্রতিনিধিগণ মতামত ব্যক্ত করেন। বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

১. আইন ও নির্দেশিকা অনুযায়ী দারাজ ও ফুডপান্ডা অনলাইন বিজনেজ পলিসি ও নানা শর্তাবলী ইংরেজী এবং বাংলা উভয় ভাষায় প্রণয়ন করবে।
২. ⁠অভিযোগ জানানোর জন্য চ্যাটবক্স ছাড়াও টেলিফোন, মোবাইল, ইমেইল ও অন্যান্য ব্যবস্থা রাখতে হবে।
৩. ⁠ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পণ্য যাচাই করে পরিশোধ করার ব্যবস্থা রাখতে হবে।
৪. ⁠মার্কেট প্লেসে যেসব পণ্য প্রদর্শিত হবে যেসব পণ্যের মান ও গুণাগুণ নিশ্চিত করার দায়িত্ব মার্কেট প্লেসের। তাই মার্কেট প্লেস সমূহ বিক্রেতা, বিক্রেতা প্রতিষ্ঠান ও পণ্য নিজ দায়িত্বে যাচাই বাছাই করে মার্কেট প্লেসে প্রদর্শনের ব্যবস্থা নেবে।
৫. ⁠নির্ধারিত সময়ে সঠিক পণ্য সরবরাহে ব্যর্থ হলে নির্দেশিকা অনুযায়ী যথাসময়ে মুল্য রিফান্ড করবে।
৬. ⁠নিয়মিত অন্যান্য অনলাইন মার্কেট প্লেস এবং ইকমার্স প্রতিষ্ঠানের সাথে এ ধরণের সভা অনুষ্ঠিত হবে

-মামুন