নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি রূপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের আগে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন,
“আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”
তিনি আরও বলেন,

“সবাই দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আগামী নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রূপগঞ্জ এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নজরুল ইসলাম বাদল,উপজেলা প্রতিনিধি (নারায়ণগঞ্জ)