নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মুহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আলহাজ মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচিত হলে নোয়াখালী-৫ আসনের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ দিনে নোয়াখালী-৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

হামিদুল হক,কোম্পানীগঞ্জ/