আজাদ খান ভাসানী জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষক উইং-এর প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী দল থেকে পদত্যাগ করেছেন। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আজাদ খান ভাসানী বলেন, তিনি দীর্ঘদিন ধরে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন এবং নতুন বাংলাদেশ গঠনের সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রাখার লক্ষ্য নিয়েছিলেন। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শের অনুপ্রেরণায় তিনি জাতীয় নাগরিক কমিটি এবং পরবর্তীতে এনসিপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

তবে বাস্তব অভিজ্ঞতায় তিনি দেখেছেন, দলের মধ্যে গণমানুষের প্রতি দরদ, ত্যাগ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যাশিত গভীরতা অনুপস্থিত। এতে করে নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়িত্ব সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দলের সঙ্গে সরাসরি সক্রিয় না থাকলেও এনসিপির সাফল্য কামনা করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্যই তার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজাদ খান ভাসানী সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তরুণদের অভিযাত্রী দল ও গণমানুষের রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে সঠিক পথ অনুসরণের কামনা করেন।

এর আগে এ বছরের ৬ সেপ্টেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে কৃষক উইং-এর প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছিল, যেখানে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল আজাদ খান ভাসানীকে।

সাবরিনা রিমি/