কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থীর জন্য জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচন করছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (শহিদ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রবিবার রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামী ও তাদের সমমনা আরও আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় এনসিপি। ওই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই কুমিল্লা-৪ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। সাইফুল ইসলাম কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই আসনটি এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর নিজ এলাকা। গত ২৩ ডিসেম্বর এনসিপির নেতা-কর্মীরা জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সময়ে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলামও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, সংগঠনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি তা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের নেতা-কর্মীরা সব সময় তাঁর পাশে ছিলেন এবং তাঁদের ত্যাগের জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি আরও বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দেবীদ্বারের মানুষের পাশে থাকবেন এবং সংগঠনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কল্যাণ বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।

জোটগত এই সমঝোতার ফলে কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহের নির্বাচনী অবস্থান আরও শক্তিশালী হলো বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সাবরিনা/