এক সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সময়ের ব্যবধানে সেই দায়িত্ব তো বটেই, সংক্ষিপ্ত সংস্করণের দলে নিজের জায়গাটাও হারিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ব্যাটিং স্টাইল ও স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়—এমন সমালোচনার কারণে বর্তমানে জাতীয় দলের বাইরে তিনি।
তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরার আশায় হাল ছাড়েননি শান্ত। নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে বিপিএলকে বেছে নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের এই অধিনায়ক।
চলতি আসরে তার শুরুটা ছিল চোখে পড়ার মতো। বিপিএলের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি হাঁকান শান্ত। ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে সিলেট টাইটানসের বিপক্ষে ১৯২ রানের লক্ষ্য তাড়ায় নেতৃত্ব দেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে। পরের ম্যাচেও ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৩৭ রান করেন তিনি।
সমালোচনার জবাব ব্যাটে দেওয়ায় সন্তুষ্ট রাজশাহীর সহকারী কোচ ও সাবেক জাতীয় ব্যাটার রাজিন সালেহ। সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শান্তর যে সহজাত খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়—তা একেবারেই ভুল। সে নিজের খেলাটা খেলছে এবং পারফর্ম করেই সেটা প্রমাণ করছে।”
দল নির্বাচন নিয়েও কথা বলেন রাজিন সালেহ। বিশেষ করে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে রংপুরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক আকবর আলির একাদশে না থাকা প্রসঙ্গে তিনি বলেন, “একাদশের বাইরে যারা আছে, তারা সবাই পারফরমার। আকবর অবশ্যই ভালো ক্রিকেটার। তবে আমাদের দল গঠনের ক্ষেত্রে টিম কম্বিনেশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের আগে আমরা দলের প্রয়োজন দেখি এবং পরিস্থিতি অনুযায়ী একাদশ সাজাই।”
বিপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শান্ত আবারও জাতীয় নির্বাচকদের নজরে আসতে চান। বিশ্বকাপের দলে ফেরার লড়াইয়ে তার ব্যাট যে বড় অস্ত্র—সেটাই এখন প্রমাণ করে চলেছেন তিনি।
এমইউএম/










