ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের উদ্যোগে আজ রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) অনুষদের সভাকক্ষে দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জাপানের খ্যাতনামা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সুকুবা’র Alliance for Research on the Mediterranean and North Africa (ARENA) প্রোগ্রামের আওতায় একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে ইউনিভার্সিটি অব সুকুবা’র অধ্যাপক ড. হিরোকো ইসোডা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ এবং অধ্যাপক ড. মো. আল আমীন সিকদার প্রবন্ধ উপস্থাপন করেন। জাপানের প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক ড. হিরোকো ইসোডা, এমিরিটাস অধ্যাপক ড. মিতসুতোশি নাকাজিমা, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শায়লা কবীর, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ অনুষদের প্রায় ৩০ জন শিক্ষক।
সেমিনারে প্রাকৃতিক উৎসভিত্তিক গবেষণা, ফার্মাসিউটিক্যাল প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে বাংলাদেশ ও জাপানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া, অনুষদের গবেষণা সক্ষমতা, ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা ও বর্তমান গবেষণা ঘাটতি নিয়েও আলোচনা হয়। সেমিনার শেষে জাপানের প্রতিনিধিদল ফার্মেসী অনুষদের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের একাডেমিক বিনিময় ও যৌথ উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মান স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










